স্মারক বক্তৃতায় সিরাজুল ইসলাম চৌধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রণদা প্রসাদ সাহার ৪৪তম অপহরণ দিবস স্মরণে বাংলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে অধ্যাপক আনিসুজ্জামানকে স্মারক সম্মাননা দিচ্ছেন শ্রীমতী সাহা ও রাজীব প্রসাদ সাহা l প্রথম আলো
রণদা প্রসাদ সাহার ৪৪তম অপহরণ দিবস স্মরণে বাংলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে অধ্যাপক আনিসুজ্জামানকে স্মারক সম্মাননা দিচ্ছেন শ্রীমতী সাহা ও রাজীব প্রসাদ সাহা l প্রথম আলো

রণদা প্রসাদ সাহা ব্যতিক্রমী ও দৃষ্টান্তস্বরূপ মানুষ। তিনি অকাতরে দান করেছেন। কিন্তু তাঁর আসল কাজটা ছিল সমাজ পরিবর্তনের। এ জন্য তিনি চিকিৎসা ও শিক্ষা—এ দুটো ক্ষেত্র বেছে নিয়েছিলেন। এমন মানুষ সব সময়ই অনুসরণীয়।
কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও মুক্তিযুদ্ধের শহীদ রণদা প্রসাদ সাহা সম্পর্কে কথাগুলো বলেছেন শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরী। রণদা প্রসাদ সাহার ৪৪তম অপহরণ দিবস উপলক্ষে আয়োজিত স্মারক বক্তৃতায় তিনি এসব কথা বলেন। গতকাল শনিবার বাংলা একাডেমিতে এই ‘দানবীর রণদা প্রসাদ সাহা স্মারক বক্তৃতা ও স্মারক সম্মাননা-২০১৫’-এর আয়োজন করে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট।
‘রণদা প্রসাদ সাহার অবিচলিত যুদ্ধ’ শিরোনামের স্মারক বক্তৃতায় সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘দানবীর শব্দটির সঙ্গে আমার পরিচয় রণদা প্রসাদ সাহার সূত্র ধরেই। তিনি দান করেছেন অকাতরে। সামনে পিছে না তাকিয়ে। কেবল দানের ক্ষেত্রেই নয়, আরও অনেক ক্ষেত্রেই তাঁকে বীর হিসেবে পেয়েছি আমরা। সারা জীবনই তিনি যুদ্ধ করেছেন। কিন্তু সমাজ বদলানোর যুদ্ধটা ছিল জীবনযুদ্ধের চেয়েও বড় ও মহৎ।’
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে দেশের দুজন বিশিষ্ট ব্যক্তিকে স্মারক সম্মাননা দেওয়া হয়। একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান ও অন্যজন জাতীয় অধ্যাপক চিকিৎসক মোহাম্মদ ইব্রাহিম (মরণোত্তর)। অধ্যাপক ইব্রাহিমের পক্ষে অধ্যাপক এ কে আজাদ খান স্মারক গ্রহণ করেন। রণদা প্রসাদ সাহার পুত্রবধূ শ্রীমতী সাহা এবং পুত্র রাজীব প্রসাদ সাহা সম্মাননা স্মারক স্বরূপ এঁদের স্বর্ণপদক দেন।
সম্মাননা পাওয়ার পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে আনিসুজ্জামান বলেন, ‘রণদা প্রসাদ সাহার মতো মানুষ বিরল। তিনি অনুসরণীয়। প্রাণ দিয়ে এই দেশের প্রতি তিনি তাঁর ভালোবাসা স্থায়ী করে গেছেন। তাঁর নামে পদক পেয়ে আমি অভিভূত। আর এই দেশকে আমি যা দিয়েছি, তার চেয়ে বেশি পেয়েছি।’
সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘তিনি মানুষকে জাগিয়ে তুলবার দায়িত্ব নিয়েছিলেন। তিনি অসুস্থ মানুষের শরীর ও মন উভয়ের সুচিকিৎসার ব্যবস্থা করার উদ্যোগ নেন। এই বোধ থেকেই তিনি হাসপাতাল ও বিদ্যালয় গড়েছেন। কিন্তু শহরে না করে এই দুটোই তিনি করলেন মির্জাপুরের গ্রামাঞ্চলে। সাম্প্রদায়িকতাকে তিনি কোনোভাবেই প্রশ্রয় দেননি।’
সিরাজুল ইসলাম চৌধুরী আরও বলেন, ‘শৈশবে মায়ের মৃত্যুর ঘটনা ছিল তাঁর প্রাথমিক শিক্ষার সূচনাক্ষেত্র। মায়ের নামে প্রতিষ্ঠিত কুমুদিনী হাসপাতালে প্রসূতি বিভাগ খোলা হয়েছিল শুরুতেই, যখন ঢাকায় সামরিক বাহিনীর হাসপাতালেও স্বতন্ত্র প্রসূতি বিভাগ ছিল না। তিনি ক্যানসার ও যক্ষ্মারোগের চিকিৎসার ব্যবস্থা করেছিলেন তাঁর হাসপাতালে। আর দেশভাগের আগেই ভারতেশ্বরী হোমসে তিনি ইংরেজি মাধ্যমে লেখাপড়া শুরু করিয়েছিলেন। তবে ইংরেজিতে লেখাপড়া করালেও ভারতেশ্বরী হোমস শিক্ষা-বিচ্ছিন্নতা তৈরি করেনি বরং সামাজিকতার বোধকে লালিত ও বিকশিত করেছে।’
ভারতেশ্বরী হোমস, কুমুদিনী মহিলা মেডিকেল কলেজ এবং কুমুদিনী নার্সিং স্কুল ও কলেজের ছাত্রীরা অনুষ্ঠানের উদ্বোধনী সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক অধ্যক্ষা প্রতিভা মুৎসুদ্দি।
সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে বাংলায় মন্বন্তর দেখা দেয়। রণদা প্রসাদ সাহা আড়াই শ লঙ্গরখানা খুলেছিলেন। ১৯৪৪ সালে বিশ্বযুদ্ধ চলাকালে আহত ব্রিটিশ সেনাদের চিকিৎসায় তিনি আড়াই লাখ টাকা দেন। টাকার সেই অঙ্ক দেখে গভর্নর চমকে উঠেছেন। পরে তাঁকে রায়বাহাদুর উপাধি দেওয়া হয়। কিন্তু সেই পদবি তিনি কখনো ব্যবহার করেননি। আইয়ুব খান ১৯৬৯ সালে তাঁকে হেলাল-এ পাকিস্তান উপাধি দেন। সেটি তিনি প্রত্যাখ্যান করেন। ১৯৭১ সালে তাঁকে পুত্রসহ হত্যা করা হয়। তিনি চাইলে পালিয়ে যেতে পারতেন। কিন্তু পালানোর পাত্র তিনি ছিলেন না। সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘আশা করব তাঁর পথ ধরে নতুন নতুন সংবেদনশীল ও দুঃসাহসী মানুষ এগিয়ে আসবে।’