স্মারক, সনদ ও ফুলে জয়িতাদের সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘রঙিন পৃথিবীর রঙিন আলো, সকল নারী থাকুক ভালো’ প্রতিপাদ্যে বিভিন্ন স্থানে গতকাল শুক্রবার আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও রোকেয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে প্রতিকূলতাকে পাশ কাটিয়ে বিভিন্ন ক্ষেত্রে সফল নারীদের জয়িতা সম্মাননা ও সংবর্ধনা দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এসব অনুষ্ঠান হয়। এতে জয়িতাদের সম্মাননা স্মারক, সনদ ও ফুল উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে এসব নারীর জীবন ও সংগ্রামের গৌরবগাথা তুলে ধরা হয়।
আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
বরিশাল: সকাল সাড়ে ১০টায় নগরের অশ্বিনীকুমার হলে অনুষ্ঠান হয়। এতে ১০ জন সফল নারীকে জয়িতা সম্মাননা প্রদান করা হয়। তাঁরা হলেন বরিশাল সিটি করপোরেশনের বিলকিস আহমেদ, জাকিয়া ইসলাম ও নিগার সুলতানা, উজিরপুর উপজেলার সাহানা আক্তার, আগৈলঝাড়ার প্রফুল্লা রানী ভক্ত, মুলাদীর সাহাজাদী আরজু, সদর উপজেলার কাজল বেগম, তাসলিমা বেগম, তাছলিমা বেগম ও জাহানারা পারভিন।
ফরিদপুর: সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠান হয়। এতে পাঁচজন জয়িতাকে সংবর্ধনা দেওয়া হয়। তাঁরা হলেন সদর উপজেলার রেহানা বেগম ও আফরোজা শেলী, নগরকান্দার আমেনা বেগম, বোয়ালমারীর আফরোজা বেগম ও রওনক জাহান। অনুষ্ঠানে জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা দৌলতআনা আক্তার সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রতাপ চন্দ্র বিশ্বাস।
ভোলা: সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠান হয়। এতে পাঁচ সফল নারীকে জয়িতা সম্মাননা দেওয়া হয়। তাঁরা হলেন ভোলা পৌরসভার পৌর কাঁঠালি এলাকার মমতাজ বেগম, দৌলতখান উপজেলার চর সুফি এলাকার রোসনা বেগম, চরফ্যাশন পৌরসভার আয়শা বেগম, চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জের নাসরিন আক্তার ও বিবি তাজেরা। এতে জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা জেবুন্নেছা সভাপতিত্ব করেন।
নড়াইল: সকাল ১০টায় জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠান হয়। সেখানে পাঁচ সফল নারীকে জয়িতা সম্মাননা দেওয়া হয়। তাঁরা হলেন সদর উপজেলার হাতিয়ারা গ্রামের কানন বালা গুপ্ত ও শিমুলিয়া গ্রামের ছালেহা বেগম, লোহাগড়া উপজেলার চোরখালি গ্রামের প্রমীলা কীর্তনীয়া ও দিঘলিয়া গ্রামের ভিক্টোরিয়া আক্তার এবং কালিয়া উপজেলার মির্জাপুর গ্রামের শাহানারা পারভিন।
পাথরঘাটা (বরগুনা): সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সম্মেলনকক্ষে আলোচনা সভা ও পাঁচজন জয়িতাকে সম্মাননা দেওয়া হয়। তাঁরা হলেন সদর উপজেলার বাদুড়তলা গ্রামের মর্জিনা বেগম, নাচনাপাড়া এলাকার লুৎফুননেছা বেবি, হাড়িটানা গ্রামের ফাতিমা পারভীন, কালীবাড়ী এলাকার রেখা রানী রায় ও হোগলাপাশা গ্রামের রুমি বেগম। অনুষ্ঠানে উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা আলমগীর হোসেন আকন সভাপতিত্ব করেন।