স্মারকলিপি
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) আওতাধীন সাতকানিয়া বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের লাইন পল্লী বিদ্যুৎ সমিতির কাছে হস্তান্তর বন্ধের দাবি জানিয়েছে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাট ব্যবসায়ী সমিতি। গতকাল সোমবার বিকেলে এই দাবিতে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ উল্যাহর কাছে স্মারকলিপি দেওয়া হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেরানীহাট প্রগতিশীল ব্যবসায়ী সমিতির সহসভাপতি মো. ফেরদৌস আলম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, কেরানীহাট নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি শহর মুলুক রাশেদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, স্থানীয় বাসিন্দা ও ঢেমশা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের শ্রমিক নেতা আসহাব উদ্দিন। ইউএনও মোহাম্মদ উল্যাহ স্মারকলিপি পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি