মেডিকেলে ভর্তি পরীক্ষা নিয়ে আন্দোলন
স্মারকলিপি দিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাচ্ছে প্রতিনিধিদল
মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষা পুনরায় গ্রহণ এবং প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে স্মারকলিপি দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাচ্ছে একটি প্রতিনিধিদল। এ নিয়ে আন্দোলনরত ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা এখন অবস্থান করছেন রাজধানীর শাহবাগ মোড়ে।
পূর্বঘোষণা অনুযায়ী, আজ রোববার সকাল ১০টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা। দুপুর সাড়ে ১২টার দিকে তাঁরা মিছিল নিয়ে শাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগারের সামনে আসেন। সেখান থেকে পুলিশের প্রতিবন্ধকতা অতিক্রম করে বেলা একটার দিকে তাঁরা শাহবাগ মোড়ে চলে আসেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
বেলা আড়াইটার দিকে একটি প্রতিনিধি দল স্মারকলিপি দিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্দেশে রওনা হওয়া পর্যন্ত আন্দোলনকারীরা শাহবাগ মোড়ে অবস্থান করছিলেন।
পুনরায় মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা গ্রহণ আন্দোলনের সমন্বয়ক খালেদ সাইফুল্লাহ গতকাল শনিবার সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী তাঁদের দাবিদাওয়া মেনে না নিলে তাঁরা আরও কঠোর আন্দোলনের দিকে যাবেন।
এবার মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষা হওয়ার পর থেকেই ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা আন্দোলন করছেন। তাঁদের আন্দোলনে একাধিকবার বাধা দেওয়াসহ থানার ভেতরে শিক্ষার্থীদের মারধরের ঘটনাও ঘটেছে।
আরও পড়ুন: