স্মারকলিপি নিয়ে মৌলভীবাজারে বিএনপির দুই পক্ষের দ্বন্দ্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের মুক্তিযোদ্ধাদের ‘অজানা ও তথাকথিত’ উল্লেখ করে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়ার ঘটনায় সাবেক সাংসদ ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক বেগম খালেদা রব্বানী বিব্রত বোধ করেছেন। গত মঙ্গলবার এক বিবৃতিতে এ কথা জানানো হয়। স্মারকলিপি নিয়ে জেলা বিএনপির দুই পক্ষের দ্বন্দ্ব প্রকাশ্য রূপ নিয়েছে।সাধারণ সম্পাদকের সই করা ওই বিবৃতিতে বলা হয়, জাতীয়তাবাদী দলের এই জেলার নির্বাহী কমিটিতে এম নাসের রহমানকে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে তাঁকে (খালেদা রব্বানী) কেন্দ্র অনুমোদন দিয়েছে। এ ছাড়া অন্য কোনো পদে আর কাউকে দায়িত্ব দেওয়া হয়নি। কিন্তু সংগঠনের প্যাড ও প্রথম যুগ্ম সম্পাদকের পদ ব্যবহার করে আবদুল মুকিত জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়ে এই জেলার মুক্তিযোদ্ধাদের হেয় করেছেন।তবে আবদুল মুকিত এই বিবৃতির প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, ‘আমি যদি কেন্দ্র অনুমোদিত প্রথম যুগ্ম সম্পাদক না হই, তাহলে এম নাসের রহমান সভাপতি ও খালেদা রব্বানী সাধারণ সম্পাদক নন।’প্রসঙ্গত, ঢাকা-সিলেট মহাসড়কের মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে অবস্থিত গোলচত্বর সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের নামে নামকরণ না করে মুক্তিযুদ্ধ চত্বর করার প্রতিবাদে ২১ ডিসেম্বর শহরে বিক্ষোভ মিছিল করে বিএনপি। পরে মুকিতের স্বাক্ষর করা ওই স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে জমা দেওয়া হয়। স্মারকলিপিতে বলা হয়, ২০০৮ সালে তৎকালীন সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় জেলার কিছু ‘অজানা ও তথাকথিত মুক্তিযোদ্ধার’ আবেদনের পরিপ্রেক্ষিতে এই চত্বরের নামকরণ মুক্তিযুদ্ধ চত্বর করার পাঁয়তারা চলে। এলাকার জনগণের আপত্তি সত্ত্বেও বর্তমান সরকার তা বাস্তবায়ন করেছে।গত সোমবার জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের পক্ষ থেকে শহরের চৌমোহনা চত্বরে মানববন্ধন ও সমাবেশ করে মুক্তিযোদ্ধাদের ‘অজানা ও তথাকথিত’ বলার প্রতিবাদ জানানো হয়। সমাবেশ থেকে ওই স্মারকলিপি প্রত্যাহার ও প্রকাশ্যে ক্ষমা চাইতে বিএনপির প্রতি আহ্বান জানানো হয়।