কটূক্তির প্রতিবাদে মৌলভীবাজারে মুক্তিযোদ্ধাদের সমাবেশ
স্মারকলিপি প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার দাবি
মুক্তিযোদ্ধাদের সমাবেশে বলা হয়েছে, মৌলভীবাজার জেলা বিএনপি মুক্তিযোদ্ধাদের অজানা ও তথাকথিত বলে যে স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে দিয়েছে, তা প্রত্যাহার করতে হবে। প্রকাশ্য মঞ্চে এ জন্য তাদের ক্ষমা চাইতে হবে। তা না হলে সংগঠন এবং সংগঠনের পেছনে যাঁরা আছেন, তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিএনপির মুক্তিযোদ্ধাদের অজানা ও তথাকথিত বলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটা যুদ্ধাপরাধীদের বিচার প্রতিহত করার ষড়যন্ত্রেরই একটি অংশ।গতকাল সোমবার মৌলভীবাজার শহরের চৌমোহনা চত্বরে জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের উদ্যোগে শেরপুর মুক্তিযুদ্ধ চত্বরের বিরুদ্ধে ষড়যন্ত্র ও মুক্তিযোদ্ধা সম্পর্কে কটূক্তির প্রতিবাদে এবং মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন করার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে এই ঘোষণা দেওয়া হয়। শহরের চৌমোহনা এলাকা থেকে কোর্ট রোডের প্রায় আধা কিলোমিটার দীর্ঘ মানববন্ধনে মৌলভীবাজার, কুলাউড়া, বড়লেখা, জুড়ী, শ্রীমঙ্গল, কমলগঞ্জ ও রাজনগর উপজেলার মুক্তিযোদ্ধারা ব্যানারসহ অংশ নেন। ঢাকা-সিলেট মহাসড়কের মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে অবস্থিত গোলচত্বর সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের নামে নামকরণ না করে মুক্তিযুদ্ধ চত্বর রাখার প্রতিবাদে গত বুধবার জেলা বিএনপি শহরে বিক্ষোভ মিছিল ও পরে মৌলভীবাজারের জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেয়। স্মারকলিপিতে বলা হয়, ২০০৮ সালে তৎকালীন সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় জেলার কিছু অজানা তথাকথিত মুক্তিযোদ্ধার আবেদনের পরিপ্রেক্ষিতে এই চত্বরটির নামকরণ মুক্তিযুদ্ধ চত্বর করার পাঁয়তারা হয়, যা বর্তমান সরকার এলাকার জনগণের আপত্তি সত্ত্বেও বাস্তবায়ন করেছে। মুক্তিযোদ্ধাদের অজানা ও তথাকথিত বলায় জেলার মুক্তিযোদ্ধারা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। এরই পরিপ্রেক্ষিতে ২২ ডিসেম্বর মৌলভীবাজার পৌরসভার বোর্ডরুমে মুক্তিযোদ্ধা, প্রগতিশীল সংগঠন ও ব্যক্তিদের এক জরুরি বৈঠকে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের ডাক দেওয়া হয়।গণপরিষদের সদস্য এবং জেলা পরিষদের প্রশাসক মুক্তিযোদ্ধা আজিজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার ও রাজনগর) আসনের সাংসদ সৈয়দ মহসীন আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ, বীর প্রতীক মো. ফোরকান উদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের কমান্ডার জামাল উদ্দিন, মৌলভীবাজার ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মো. ফিরোজ, সেক্টর কমান্ডারস ফোরামের দেওয়ান আবুল খয়ের চৌধুরী, মৌলভীবাজার প্রেসক্লাবের সহসভাপতি আবদুল হামিদ মাহবুব, সিপিবি জেলা কমিটির সাধারণ সম্পাদক নিলিমেষ ঘোষ, জেলা জাসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মইনুল ইসলাম, জাতীয় পার্টি জেলা কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন আহমদ, জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া আহমদ, জেলা আওয়ামী যুবলীগের সভাপতি ফজলুর রহমান, আওয়ামী আইনজীবী সমিতির সভাপতি এ এস এম আজাদুর রহমান, মুক্তিযোদ্ধা দেওয়ান আবদুল ওহাব চৌধুরী, রফিকুর রহমান, সজল চক্রবর্তী, সিরাজ উদ্দিন, বদরুল আলম, সৈয়দ মখলিছুর রহমান, রামলাল রাজভর, এম এ লতিফ, গোলাম মোস্তফা, জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি নিহির কান্তি দেব প্রমুখ।মুক্তিযোদ্ধা ও সাংসদ সৈয়দ মহসীন আলী বলেন, ‘শেরপুরে মুক্তিযুদ্ধের প্রথম যুদ্ধ হয়েছিল। এটা নিয়ে কারও বিতর্ক করার সুযোগ নেই। মুক্তিযোদ্ধাদের নিয়ে তাদের (বিএনপির) এই আচরণের জন্য আমি ধিক্কার জানাই। সাইফুর রহমানের প্রতি আমাদের শ্রদ্ধা আছে। কিন্তু মুক্তিযোদ্ধাদের কটূক্তির জন্য ক্ষমা না চাইলে মৌলভীবাজারের যেখানেই সাইফুর রহমানের নাম আছে, তা মুছে ফেলা হবে।’