স্মার্ট কার্ড নিচ্ছেন না অনেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রমনা থানা এলাকার অর্ধেকের বেশি ভোটারই তাঁদের স্মার্ট জাতীয় পরিচয়পত্র নেননি। এখনো কার্ড বিতরণে প্রতিদিনের লক্ষ্যমাত্রার অর্ধেকও পূরণ হচ্ছে না।
৩ অক্টোবর থেকে ১১ অক্টোবর পর্যন্ত সিদ্ধেশ্বরী গার্লস কলেজে ১৯ নম্বর ওয়ার্ডের ভোটারদের মধ্যে স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে। সেখানে মোট ভোটারের মাত্র ৪০ শতাংশ কার্ড নিয়েছেন। নয় দিনে ওই কেন্দ্র থেকে প্রায় ২৭ হাজার কার্ড বিতরণের কথা ছিল। এই অবস্থার মধ্যে ১৩ অক্টোবর থেকে ২০ নম্বর ওয়ার্ডের সেগুনবাগিচা হাইস্কুল ক্যাম্প থেকে ভোটারদের মধ্যে স্মার্ট কার্ড বিতরণ শুরু হয়েছে। ২০ অক্টোবর এই ওয়ার্ডের কার্ড বিতরণ শেষ হবে। গত চার দিনে এখানে প্রতিদিনের লক্ষ্যমাত্রার ৫০ শতাংশেরও কম ভোটার তাঁদের স্মার্ট জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করছেন।
কার্ড বিতরণের সঙ্গে যুক্ত প্রকল্পে কর্মরত কামরুল হাসান প্রথম আলোকে বলেন, প্রথম ধাপে ৪০ শতাংশ ভোটার কার্ড নিয়েছেন। এখন দ্বিতীয় ধাপে প্রতিদিনের লক্ষ্যমাত্রার ৫০ শতাংশের মতো ভোটার তাঁদের কার্ড নিচ্ছেন।
কার্ড সংগ্রহে ভোটারদের আগ্রহ কম থাকলেও প্রথম ধাপের চেয়ে দ্বিতীয় ধাপে ভোগান্তি অনেক কমেছে। ক্যাম্পে এসে কার্ড না পেয়ে ফিরে যাওয়ার হার কমেছে। তবে কার্ডের ছবি ও আগের ভুল স্মার্ট কার্ডে থেকে যাওয়ার অভিযোগ করেছেন অনেকেই।
প্রথমবারের মতো স্মার্ট কার্ড পেয়েছেন শিক্ষার্থী আফিয়া সুলতানা। তাঁর মায়ের নাম রেবেকা সুলতানা। তবে স্মার্ট কার্ডে ভুলে নাম এসেছে রেবেকা বেগম। প্রথমবার স্মার্ট কার্ড পেয়ে তিনি খুশি। তবে মায়ের নাম ভুল হওয়ায় তিনি চিন্তিত। ক্যাম্পের উপস্থিত কারিগরি বিশেষজ্ঞ তাঁকে আগারগাঁওয়ে নির্বাচন অফিসে গিয়ে মায়ের নামের বানান সংশোধন করার পরামর্শ দেন। দেখা গেছে, দুপুর পর্যন্ত ক্যাম্পে কার্ড সংগ্রহ করতে আসা লোকজন কম থাকছে। তবে দুপুরের পর কার্ড সংগ্রহ করতে আসা লোকজনের সংখ্যা বেড়েছে।
তবে কোন এলাকার ভোটাররা কোন দিন এলে কার্ড সংগ্রহ করতে পারবেন, তা নিয়ে ক্যাম্পে তালিকা দেওয়া থাকলেও সবাই তা জানছেন না। নার্গিস বেগম ও শাহানারা শনিবার কার্ড সংগ্রহ করতে এসেছিলেন। তবে কার্ড প্রস্তুত না থাকায় হাতের আঙুলের ছাপ ও আইরিশের ছবি নিয়ে তাঁদের ১৯ অক্টোবর আবার আসতে বলা হয়েছে। শাহানারা বলেন, ক্যাম্পের বাইরে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আর কোনো প্রচার নেই। অনেকে অন্য এলাকা থেকে এ ক্যাম্পে কার্ড নিতে এসে ফিরে যাচ্ছেন। আবার কোন দিন এলে কার্ড পাবেন, সে তথ্য আগে না জানায় অনেকে নির্ধারিত দিনে তাঁদের কার্ড নিতে পারছেন না।
সেগুনবাগিচা হাইস্কুলে কার্ড নিতে আসা মো. ইউসুফ আলী খান মনে করেন, আরও বেশি ভোটারকে কার্ড পৌঁছে দিতে আরও বেশি প্রচার দরকার।
রমনা থানার নির্বাচন কর্মকর্তা মাহবুবা মমতা বলেন, ‘এ এলাকার ওয়ার্ড কাউন্সিলররা সচেতন আছেন। তাঁরা স্মার্ট কার্ড সংগ্রহ করতে এলাকায় মাইকিং করছেন।’ তিনি বলেন, অনেক নাগরিক একসময় হয়তো এ এলাকায় থাকতেন, তাঁরা জায়গা বদল করেছেন। কিংবা কোনো শিক্ষার্থী যদি অস্থায়ীভাবে মেসে থাকতেন, তাঁরা এখন আর এ এলাকায় কার্ড পাবেন না। সে জন্য তাঁকে জানতে হবে তিনি কোন এলাকার ভোটার হওয়ার আবেদন করেছেন। সে এলাকায় যখন কার্ড দেওয়া হবে, তখন তিনি তা সংগ্রহ করতে পারবেন।
কার্ড বিতরণের কারিগরি বিশেষজ্ঞ এস এম রাকিবুজ্জামান নিয়ন এসব কারিগরি সমস্যা কাটিয়ে উঠে নাগরিকদের প্রত্যাশিত স্মার্ট কার্ড দিতে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, বারবার আঙুলের ছাপ নেওয়া ও প্রয়োজনমতো নির্দেশনা দিয়ে নাগরিকদের হয়রানি দূর করার চেষ্টা করছেন।