স্মার্ট কার্ড পরিচয়পত্রের সুফল সম্পর্কে প্রচারণার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট ন্যাশনাল আইডেনটিটি কার্ডের (একটি জাতীয় পরিচয়পত্র) সুফল সম্পর্কে প্রচারণা চালাতে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি নির্দেশ দিয়েছেন। নির্বাচন কমিশন শিগগিরই এই কার্ড চালু করবে। প্রধানমন্ত্রী বলেছেন, স্মার্ট কার্ডের সুবিধার কথা জানতে পারলে মানুষ এটি নিতে আগ্রহী হবে।
গতকাল রোববার প্রধানমন্ত্রী তাঁর কার্যালয়ে স্মার্ট কার্ড উপস্থাপনাকালে এ কথা বলেন। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ বিষয়ে অবহিত করেন। খবর বাসসের।
স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রকল্পের মহাপরিচালক ও প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহউদ্দিন পাওয়ার পয়েন্টের মাধ্যমে স্মার্ট কার্ডের বিভিন্ন বিষয় উপস্থাপন করেন।
স্মার্ট জাতীয় পরিচয়পত্রকে একটি সুন্দর উদ্যোগ হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী এ প্রকল্পের কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, স্মার্ট জাতীয় পরিচয়পত্র দেশে অপরাধ ও দুর্নীতি দমনের পাশাপাশি সরকারি ও বেসরকারি খাতের বিভিন্ন সংস্থার কর্মকাণ্ডও গতিশীল করবে।
প্রকল্প পরিচালক বলেন, স্মার্ট পরিচয়পত্র চালুর জন্য ৯ কোটি মানুষের ডেটাবেইস তৈরি করা হয়েছে। তিনি এর কারিগরি বিন্যাস ও ২৫ ধরনের নিরাপত্তার বিষয় উল্লেখ করেন। এই পরিচয়পত্রের নকশা তৈরি করেছে নির্বাচন কমিশন। জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন-২০১০-এর আলোকে তৈরি এই স্মার্ট কার্ডের মেয়াদ হবে ১০ বছর।
জাপানি ভাষায় বঙ্গবন্ধুর আত্মজীবনী: জাপানি ভাষায় অনূদিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থটি গতকাল প্রধানমন্ত্রীকে উপহার দেওয়া হয়েছে। গ্রন্থটির জাপানি অনুবাদক জাপান ব্রডকাস্টিং করপোরেশনের (এনএইচকে) বাংলা বিভাগের কাজুহিরো ওয়াতানাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে তাঁকে এই গ্রন্থটির একটি কপি উপহার দেন।
সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, জাপানের অভিজাত প্রকাশনা সংস্থা আশাহি সোতেন জাপানি ভাষায় অনূদিত এই গ্রন্থটি প্রকাশ করেছে।
প্রধানমন্ত্রী বইটি গ্রহণ করে বাংলা থেকে বইটি জাপানি ভাষায় অনুবাদের জন্য ওয়াতানাবেকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এতে করে জাপানের মানুষ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর সম্পর্কে জানার সুযোগ পাবে।