স্মার্ট কার্ডে মুগ্ধ প্রধানমন্ত্রী: ইসি সচিব
প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট ন্যাশনাল আইডেনটিটি কার্ডের (জাতীয় পরিচয়পত্র) সুফল সম্পর্কে প্রচারণা চালাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, স্মার্ট কার্ডের সুবিধার কথা জানতে পারলে মানুষ এটি নিতে আগ্রহী হবে।
প্রধানমন্ত্রী আজ রোববার সকালে তাঁর কার্যালয়ে স্মার্ট ফোনের উপস্থাপনার সময় এ কথা বলেন। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ কথা বলেন। খবর বাসস।
নির্বাচন কমিশন (ইসি) শিগগিরই এই কার্ড চালু করবে। আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রকল্পের মহাপরিচালক ও প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহউদ্দিন পাওয়ার পয়েন্টের মাধ্যমে স্মার্ট কার্ডের বিভিন্ন বিষয় উপস্থাপন করেন। কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, এলজিআরডি ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নূরুল ইসলাম বিএসসি, প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক ও নির্বাচন কমিশন সচিব মো. সিরাজুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আজ দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন কার্যালয়ে সচিব সিরাজুল ইসলাম তাঁর রুমে গণমাধ্যমকর্মীদের স্মার্ট কার্ড নিয়ে কথা বলেন। প্রধানমন্ত্রী এ কার্ড সম্পর্কে কী বলেছেন—গণমাধ্যমকর্মীদের এ প্রশ্নের উত্তরে সচিব হেসে বলেন, ‘প্রধানমন্ত্রীকে এ কার্ড সম্পর্কে অবহিত করা হয়েছে। তিনি মুগ্ধ। তিনি এ কার্ড নিয়ে অগ্রসর হতে বলেছেন।’
স্মার্ট কার্ডের বিভিন্ন দিক উল্লেখ করে সচিব বলেন, স্মার্ট জাতীয় পরিচয়পত্রের বহুবিধ ব্যবহার রয়েছে। এ কার্ড ব্যবস্থাপনার সঙ্গে সরকারের বিভিন্ন সংস্থা জড়িত। সে কারণেই প্রধানমন্ত্রীকে অবহিত করার জন্য তাঁর সময় চাওয়া হয়েছিল। প্রধানমন্ত্রী আজ সময় দেন।
১০ কোটি মানুষের হাতে স্মার্ট কার্ড পৌঁছে দেবে নির্বাচন কমিশন। জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড আকারে আসবে। এই কার্ডের মাধ্যমে একজন নাগরিক তার প্রকৃত পরিচয় গোপন করতে পারবে না। ফলে যথাযথ সেবা দেওয়া সম্ভব হবে। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বিভিন্ন কর্মসূচিতে বলা হয়, যাঁর সেবা পাওয়া কথা তিনি সেবা পাচ্ছেন না। অন্য কেউ সেই সেবার সুফল ভোগ করছেন। স্মার্ট কার্ড হয়ে গেলে তার আর সুযোগ থাকবে না।
কাকে দিয়ে স্মার্ট কার্ড উদ্বোধন করা হবে? কবে থেকে দেওয়া শুরু হবে?-গণমাধ্যমকর্মীদের এ ধরনের প্রশ্নে সচিব বলেন, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি কমিশন। তবে খুব দ্রুত প্রস্তুতিতে যাচ্ছে কমিশন। কমিশন নীতিগতভাবে সিদ্ধান্ত নেওয়ার পর আনুষ্ঠানিকভাবে তা গণমাধ্যমকে জানানো হবে।