স্মার্টকার্ড বিতরণ শুরু ২ অক্টোবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশন আগামী ২ অক্টোবর থেকে উন্নতমানের জাতীয় পরিচয়পত্র (স্মার্টকার্ড) বিতরণের কাজ শুরু করবে। ওই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কার্ড বিতরণের কাজ উদ্বোধন করবেন।

কমিশন সচিবালয় থেকে জানা যায়, ইতিমধ্যে ঢাকা জেলার ৫০ লাখ কার্ড মুদ্রণের কাজ শেষ হয়েছে। চট্টগ্রাম জেলার কার্ড মুদ্রণের কাজ শুরু হয়েছে। ২০১৭ সালের জুনের মধ্যে ৯ কোটি কার্ড মুদ্রণের কাজ শেষ হবে এবং বিতরণের কাজ শেষ করা হবে ডিসেম্বরের মধ্যে।

বিশ্বব্যাংকের কাছ থেকে ঋণ হিসাবে নেওয়া প্রায় এক হাজার কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পের মেয়াদ এ বছরের জুনে শেষ হওয়ার কথা ছিল। পরিকল্পনা অনুযায়ী কার্ড বিতরণের কাজ শুরু করার কথা ছিল ২০১৪ সালের শেষের দিকে। কিন্তু নির্বাচন কমিশন যথাসময়ে কাজ শেষ করতে পারেনি। যে কারণে বিশ্বব্যাংক প্রকল্পের মেয়াদ ১৮ মাস বাড়িয়ে ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত করে।

জানতে চাইলে জাতীয় পরিচয় নিবন্ধন বিভাগের মহাপরিচালক সুলতানুজ্জামান মো. সালেহউদ্দিন প্রথম আলোকে বলেন, স্মার্টকার্ড বিতরণের জন্য সব ধরনের প্রস্তুতি নির্বাচন কমিশন নিয়েছে। প্রধানমন্ত্রী ২ অক্টোবর সময় দিয়েছেন। সে অনুযায়ী ওই দিন থেকে কার্ড বিতরণের কাজ শুরু হবে। কার্ড মুদ্রণের কাজ শেষ করতে হবে আগামী বছরের জুনের মধ্যে এবং বিতরণ শেষ করতে হবে ডিসেম্বরের মধ্যে। কারণ ডিসেম্বরে প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাবে।

এই কর্মকর্তা আরও বলেন, বর্তমানে ভোটার সংখ্যা ১০ কোটির বেশি। সে জন্য এই প্রকল্পের মেয়াদেই সরকারি টাকায় অতিরিক্ত এক কোটি নাগরিককে স্মার্টকার্ড দেওয়া হবে।

কমিশন সচিবালয় থেকে জানা যায়, প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ও সিইসিকে কার্ড দেবেন। এরপর সিইসি প্রধানমন্ত্রীর হাতে কার্ড তুলে দেবেন। সব শেষে প্রধানমন্ত্রী জাতীয় দলের ক্রিকেটারদের মধ্যে কার্ড বিতরণ করবেন। এ জন্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সিইসি ও জাতীয় দলের ক্রিকেটারদের কার্ড ইতিমধ্যেই মুদ্রণ করা হয়েছে।

নিবন্ধন বিভাগের তথ্য অনুযায়ী, স্মার্টকার্ড প্রিন্টারে প্রতিদিন গড়ে দেড় লাখ কার্ড মুদ্রণ করা সম্ভব এবং প্রতিদিন গড়ে ১ লাখ ৮০ হাজার কার্ড বিতরণ করা সম্ভব হবে। কার্ড বিতরণের জন্য সারা দেশের প্রতিটি ওয়ার্ডে একটি করে ক্যাম্প থাকবে। এ জন্য ১ হাজার ৫০০ জন অপারেটর নিয়োগ করা হয়েছে। কার্ড বিতরণের সময় নাগরিকের বিদ্যমান কার্ড জমা নেওয়া হবে এবং তাদের দশ আঙুলের ছাপ ও চোখের মনি স্ক্যান করা হবে। এ জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি কেনা হয়েছে।