
টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান সিম্ফনি ও প্রথম আলো যৌথভাবে আয়োজন করেছিল ‘ক্যাচ দ্য মোমেন্ট’ ছবি তোলার প্রতিযোগিতা। গতকাল রোববার বিকেলে আনুষ্ঠানিকভাবে এই প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়। প্রথম আলো মিলনায়তনে প্রতিযোগিতায় নির্বাচিত ১৯ জনকে সিম্ফনি এক্সপ্লোরার ডব্লিউ১২৮ আর তিনজন বিশেষ পুরস্কার বিজয়ীকে একটি সিম্ফনি এক্সপ্লোরার জেড৩ স্মার্টফোন ও দুটি সিম্ফনি টিআই ট্যাব দেওয়া হয়। সাবেক ক্রিকেটার হাসিবুল হোসেন শান্ত বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রতিযোগীরা বিশ্ববিদ্যালয়, স্টেডিয়ামসহ টি-টোয়েন্টি উপভোগের মজার ছবি তুলে (www.catchthemoment.com.bd) ওয়েবসাইটে আপলোড করেন। প্রতিদিন ফেসবুকে সর্বোচ্চ লাইক ও ছবির বিষয়বস্তু বিবেচনায় বিজয়ী নির্বাচন করা হয়। পুরো প্রতিযোগিতার সময় ধরে সর্বোচ্চ লাইক পাওয়া তিনটি ছবি জিতেছে বিশেষ পুরস্কার। গত ১৬ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত চলে এ প্রতিযোগিতা।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিসন গ্রুপের প্রধান বিপণন কর্মকর্তা মো. রফিক উদ্দিন, প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক ও বার্তা সম্পাদক সেলিম খান।
আনিসুল হক এ আয়োজনের সঙ্গে সম্পৃক্ত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানান।