স্মৃতি মেলে ধরলেন ভাষাসৈনিকেরা
কেউ ছিলেন স্কুলছাত্র, কেউবা চিকিৎসাবিদ্যা গলাধকরণে ব্যস্ত। মেয়েরা ছিলেন এক প্রকার বন্দী। তবে একটি জায়গায় তাঁরা সবাই এক। ‘রাষ্ট্রভাষা বাংলা চাই’ স্লোগানে একতাবদ্ধ হয়েছিলেন সবাই।
১৯৫২ সালের কথা। এখনকার স্কুলপড়ুয়া ছেলেমেয়েদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে তাদের সামনে ৬২ বছর আগের সেই স্মৃতি মেলে ধরেন ভাষাসৈনিকেরা। গতকাল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল ও কলেজ মিলনায়তনে ‘বাংলায় দেখি স্বপ্ন, বাংলায় বাঁধি সুর’ শীর্ষক এক অনুষ্ঠানে তাঁরা উপস্থিত হন। প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ইউলেসা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে।
তখনকার স্কুলছাত্র, বর্তমান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত স্মৃতিচারণায় অংশ নিয়ে বলেন, ভাষা আন্দোলনের সূচনা হয়েছিল মূলত ১৯৪৭ সালে। সিলেটে সে বছর আগস্ট মাসেই আন্দোলন শুরু হয়ে গিয়েছিল। তখন থেকেই চিন্তাভাবনা ছিল, দুই টুকরো একটি দেশের রাষ্ট্রভাষা কী হতে পারে। এরপর এল বায়ান্নর একুশে ফেব্রুয়ারি। সেদিনের ঘটনার পরই সবাই নিশ্চিত হলাম, বাংলাই হবে এ দেশের রাষ্ট্রভাষা।
ঢাকা মেডিকেল কলেজের তখনকার ছাত্র আহমদ রফিক বলেন, একুশে ফেব্রুয়ারি গুলি চালানোর পর সৃষ্ট গণ-আন্দোলনে সরকার বাধ্য হয় বাংলাকে স্বীকৃতি দিতে। কিন্তু জাতীয় জীবনের সর্বক্ষেত্রে এখনো বাংলার প্রচলন হয়নি। ভাষা সংগ্রামের অর্জনটি কার্যত অনার্জিতই থেকে গেছে।
সুপ্রিম কোর্টে প্রথম বাংলায় রায় দেওয়া আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি কাজী এবাদুল হক বলেন, ভাষা আন্দোলনের পরই পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি পায়। কিন্তু উচ্চ আদালতসহ সরকারি বিভিন্ন কাজে ইংরেজিই চলতে থাকে। তিনি সর্বক্ষেত্রে বাংলা প্রচলনের জন্য ও বাংলা চর্চায় উদ্বুদ্ধ হতে সবার প্রতি আহ্বান জানান।
অধ্যাপক শরীফা খাতুন বলেন, ‘তখনকার দিনে নারীরা কলেজের হোস্টেল থেকে সহজে বের হতে পারত না। কিন্তু জাতির সেই সংকটকালে তাঁরাও বন্ধ ফটক টপকে আন্দোলনে যোগ দেন। তিনি নিজেও গাছ বেয়ে ইডেন কলেজের দেয়াল টপকে আন্দোলনে যোগ দিয়েছিলেন বলে উল্লেখ করেন।