স্মৃতিচারণা, আড্ডা আর গানে শেষ হলো ‘জুবিলিয়ান’ উৎসব
দিনব্যাপী স্মৃতিচারণা, জম্পেশ আড্ডা আর গানে গানে গভীর রাত পর্যন্ত আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে শেষ হলো সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চবিদ্যালয়ের ১২৫ বছর পূর্তি উৎসব। গত শুক্রবার সকালে দুই দিনব্যাপী এই বর্ণাঢ্য উৎসব শুরু হয়। সমাপনী দিনে সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের গান গেয়ে সবাইকে মুগ্ধ করেন সাবিনা ইয়াসমীন। শনিবার সমাপনী দিনে সকাল ১০টা থেকে জুবিলী উচ্চবিদ্যালয়ের মাঠে শুরু হয় প্রাক্তন শিক্ষার্থীদের অতীত স্মৃতিচারণা অনুষ্ঠান। প্রবীণ শিক্ষক আবদুর রহীমের সভাপতিত্বে প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণা পর্বে স্বাগত বক্তব্য দেন উৎসব উদ্যাপন পরিষদের সদস্যসচিব মুক্তিযোদ্ধা মতিউর রহমান। অতীত দিনের কথা বলতে গিয়ে অনেকেই মঞ্চে উঠে আবেগাপ্লুত হয়ে পড়েন। আবার কেউ কেউ অতীত দিনের কথা মনে করে নিজে যেমন হাসেন, অন্যদেরও হাসান। মাঠজুড়ে দল দলে শীতের রোদ পোহাতে পোহাতে আড্ডা দিয়েছেন জুবিলিয়ানরা। একই সঙ্গে সব প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয় ক্রেস্ট ও উৎসব স্মরণিকা। এক বছর ধরে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে শয্যাশায়ী জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি হুমায়ুন কবীর জাহানুর এসেছিলেন স্মৃতিচারণা করতে। জাহানুর বলেন, ‘আমি আমাদের সময়ে স্কুলের সবচেয়ে দুষ্টু ছিলাম। স্যারদের অনেক জ্বালিয়েছি। বাসায় থাকতে পারিনি। স্মৃতির টানে মাঠে চলে এসেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন।’৮৩ বছর বয়সী আবদুল বারী এসেছিলেন হুইলচেয়ারে ভর করে। উৎসবের মাঠে দেখা হয় সহপাঠী আফাজউদ্দিন আহমদের সঙ্গে। অনেক দিন পর দেখা। পরিচয় হওয়ার পর একে অপরকে জড়িয়ে ধরেন। স্মৃতিচারণায় অংশ নেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী, সাবেক হুইপ মোহাম্মদ ফজলুল হক আছপিয়া, সাবেক সাংসদ নাছির উদ্দিন চৌধুরী, প্রবীণ শিক্ষক মকবুল হোসেন, প্রবীণ চিকিৎসক এম এ রকিব, রাজনীতিবিদ আপ্তাবউদ্দিন আহমদ, মুক্তিযোদ্ধা সুরেশ চন্দ্র দাশ, আইনজীবী হুমায়ুন মঞ্জুর চৌধুরী, হুমায়ুন কবীর জাহানুর, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হুমায়ুন বখত মুহিত, সাংবাদিক পীর হাবিবুর রহমান, প্রকৌশলী আজির উদ্দিন প্রমুখ।জুবিলিয়ান উৎসব নিয়ে লেখা হোসেন তওফিক চৌধুরীর ‘গৌরব ও ঐহিত্যের ১২৫ বছর’, রাজীব চৌধুরীর ‘জুুবিলিয়ানদের কবিতা’ এবং উৎসব স্মরণিকা কিশলয়-এর মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন রুহুল তুহিন, নাদীর আহমদ, শামসুল আবেদীন। রাতে সংগীত পরিবেশন করেন শিল্পী সাবিনা ইয়াসমীন, সেলিম চৌধুরী, ফকির সাহাবুদ্দিন ও ব্যান্ড দল লালন। সাবিনা ইয়াসমীন শুরু করেন ‘একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার...’ গান দিয়ে। গান শেষ হলে সবাই দাঁড়িয়ে গুণী এই শিল্পীকে সম্মান জানান।