স্মৃতিচারণা-আড্ডায় সারা বেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম মেডিকেল কলেজের ৬০ বছরে পদার্পণ উপলক্ষে গতকাল ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রা l ছবি: প্রথম আলো
চট্টগ্রাম মেডিকেল কলেজের ৬০ বছরে পদার্পণ উপলক্ষে গতকাল ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রা l ছবি: প্রথম আলো

সহযোগী অধ্যাপক অনিরুদ্ধ ঘোষ কাঁধে ক্যামেরা ঝুলিয়ে এদিক-সেদিক ছুটছেন। নীল পাঞ্জাবি পরিহিত এই চিকিৎসক নিজের ক্যামেরায় সহপাঠী, বন্ধু আর নিজের শিক্ষকদের ছবি ধরে রাখছিলেন। একটু পরই একই রঙের পাঞ্জাবি পরা আরও অন্তত ১৫ জনকে দেখা গেল মুঠোফোনে সেলফি তুলতে ব্যস্ত। সঙ্গে ছিলেন নীল শাড়ি পরিহিত কয়েকজন নারী চিকিৎসকও।
তাঁরা চট্টগ্রাম মেডিকেল কলেজের ৩০তম ব্যাচের শিক্ষার্থী। প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানের ৬০ বছরে পদার্পণ উপলক্ষে আয়োজিত উৎসবে দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে এসেছেন তাঁরা।
শুধু তাঁরা নন, কলেজটির বিভিন্ন ব্যাচের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা গতকাল মঙ্গলবার জড়ো হয়েছিলেন প্রিয় ক্যাম্পাসে। ‘শেকড়ের টানে প্রিয় প্রাঙ্গণে’ স্লোগানে আয়োজিত ‘সিএমসি ডে’ নামের উৎসবে তাঁরা যোগ দেন। আড্ডা, গান, স্মৃতিচারণা আর কথামালায় কাটিয়ে দেন সারা বেলা। বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের পরনে ছিল একই ধরনের পোশাক।
গতকালে অনুষ্ঠানে যোগ দেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক প্রাণ গোপাল দত্ত। ছুটে আসেন নিউরো সার্জন অধ্যাপক এল এ কাদেরী, শিশুবিশেষজ্ঞ অধ্যাপক বদরুল আলম, সাংসদ ও সাবেক মন্ত্রী আফছারুল আমীন, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক এম এ ফয়েজ, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের অবৈতনিক উপদেষ্টা সামন্ত লাল সেনসহ আরও অনেকে।
দুই দিনব্যাপী উৎসবের গতকাল ছিল শেষ দিন। সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অনুষ্ঠানস্থল কলেজের মাঠে গিয়ে শেষ হয়।
বেলা ১১টায় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন কেক কেটে সিএমসি ডের শুভ উদ্বোধন ঘোষণা করেন। পরে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য কলেজটির সাতজন প্রাক্তন ছাত্র ও দুজন কর্মচারীকে সম্মাননা দেওয়া হয়। তাঁরা হলেন মুক্তিযুদ্ধে ডা. শাহ আলম বীর উত্তম (মরণোত্তর); চিকিৎসাক্ষেত্রে অধ্যাপক এল এ কাদেরী ও অধ্যাপক প্রাণ গোপাল দত্ত; চিকিৎসা প্রশাসনে অধ্যাপক এম এ ফয়েজ; রাজনীতিতে সাংসদ আফছারুল আমীন, সাংসদ মোজাম্মেল হক ও বদিউজ্জামান ভূঁইয়া। এ ছাড়া দুই কর্মচারী বিনোদ বিহারী দে ও আবুল মনসুরকে সম্মাননা দেওয়া হয়।
সম্মাননা গ্রহণ করার পর কলেজের তৃতীয় ব্যাচের শিক্ষার্থী অধ্যাপক এল এ কাদেরী বলেন, ‘এই মেডিকেল এবং আমি এক। আমি এই ক্যাম্পাসকে ভুলতে পারি না।’
অধ্যাপক প্রাণ গোপাল দত্ত বলেন, ‘এই কলেজের কারণেই আমি কর্মক্ষেত্রে সফল হয়েছি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হতে পেরেছিলাম। স্বাধীনতা পদকও পেয়েছিলাম। আমি ধন্য এই কলেজে পড়তে পেরে।’
সাংসদ আফছারুল আমীন বলেন, ‘এই কলেজ ক্যাম্পাস আমাদের প্রিয় জায়গা। এই মাঠে আমরা ফুটবল খেলতাম। এখানকার শিক্ষার্থীরা দেশে-বিদেশে সুনামের সঙ্গে চিকিৎসাসেবায় অবদান রেখে যাচ্ছেন।’
স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক এম এ ফয়েজ বলেন, ‘এমন আনন্দঘন আয়োজন সত্যি মুগ্ধ করেছে। আমি গর্বিত এই কলেজের ছাত্র হিসেবে।’
কলেজের অধ্যক্ষ অধ্যাপক সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, ‘প্রথমবারের মতো আমরা বর্ণাঢ্য আয়োজনে সিএমসি ডে উদ্যাপন করছি। দেশের বিভিন্ন স্থান থেকে প্রাক্তন শিক্ষার্থীরা যোগ দিয়ে অনুষ্ঠানের মর্যাদা বৃদ্ধি করেছেন।’
বিকেলে আড্ডা ও স্মৃতিচারণায় অংশ নেন বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ে বক্তব্য এবং স্মৃতিচারণা করেন কলেজের সাবেক অধ্যক্ষ ইমরান বিন ইউনুছ, উপাধ্যক্ষ ও বিএমএ চট্টগ্রামের সভাপতি মোহাম্মদ শরীফ, অধ্যাপক প্রদীপ দত্ত, অধ্যাপক কামাল উদ্দিন, স্বাচিপ নেতা নাসির উদ্দিন মাহমুদ, বিএমএর যুগ্ম সম্পাদক ফয়সাল ইকবাল চৌধুরী প্রমুখ।
উৎসব উপলক্ষে জড়ো হওয়া বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা দল বেঁধে ঘুরে বেড়ান প্রিয় ক্যাম্পাসে। কখনো মাঠে চেয়ারে গোল করে বসে আড্ডা, কখনো মুঠোফোনে সেলফি তুলতে ব্যস্ত ছিলেন তাঁরা।
রাতে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। উৎসব উপলক্ষে ক্যাম্পাসে বর্ণাঢ্য আলোকসজ্জা করা হয়।