ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজী মোতাহার হোসেন ভবন প্রাঙ্গণে তখন সকালের মিষ্টি রোদ। সেখানে দাঁড়িয়ে গল্প করছিলেন কয়েকজন। তাঁদের আড্ডা, আনন্দ দেখে মনে হচ্ছিল তাঁরা যেন বিশ্ববিদ্যালয়ে সদ্য ভর্তি হয়েছেন। অথচ তাঁদের অনেকে দু-তিন দশক, কেউ কেউ চার দশক আগে বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়েছেন। গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডুসডা) প্রতিষ্ঠা উত্সব ও প্রথম পুনর্মিলনীর অনুষ্ঠানে তাঁরা যেন ফিরে গিয়েছিলেন বিশ্ববিদ্যালয় জীবনের সেই দিনগুলোতে। নবগঠিত ডুসডা এই অনুষ্ঠানের আয়োজন করে। গতকালের দিনব্যাপী অনুষ্ঠানে এসেছিলেন পরিসংখ্যান বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের অনেকেই। তাঁরা করেছেন স্মৃতিচারণা। ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান ও পিঠা পর্বও। সকালে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। এরপর হয় আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ডুসডার সভাপতি কাজী সালেহ আহমেদ বলেন, পরিসংখ্যানের সঙ্গে বাস্তবতার সম্পর্ক অনেক বেশি। যাঁরা পরিসংখ্যান পড়েন, তাঁরা অনেক বাস্তববাদী হন। তিনি বলেন, পরিসংখ্যানের কাজ পরিসংখ্যানবিদদের দিয়েই করানো উচিত। তা না হলে অনেক সমস্যা হয়। ডুসডা পরিসংখ্যানবিদদের সমস্যা সমাধানে কাজ করতে পারে। আরেফিন সিদ্দিক বলেন, বাংলাদেশের উন্নয়নে পরিসংখ্যানবিদেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। আর এই বিশ্ববিদ্যালয়ে যাঁরা পরিসংখ্যান পড়েছেন, তাঁরাই এই উন্নতিতে নেতৃত্ব দেন। তথ্য ও পরিসংখ্যান—দুটি বিষয়ই মানুষের জন্য গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় প্রতিটি বিভাগেই অ্যালামনাই অ্যাসোসিয়েশন গড়ে উঠছে। এটি ইতিবাচক দিক। অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির চেয়ারম্যান এম আতাহারুল ইসলাম বলেন, জ্ঞানতাপস কাজী মোতাহার হোসেনের প্রতিষ্ঠিত বিভাগ আজ সারা বিশ্বে পরিসংখ্যান চর্চায় নেতৃত্ব দিচ্ছে। তিনি বিভাগের প্রথম ব্যাচের প্রয়াত চারজন ছাত্র ও মুক্তিযুদ্ধে শহীদ পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মুনিরুজ্জামান, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, আশফাকুস সামাদ বীর উত্তম, স্বপন কুমার চৌধুরী, আবদুস সালাম ও সুভাষ চন্দ্র দেকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। অনুষ্ঠানের বিশেষ অতিথি প্রথম আলো সম্পাদক মতিউর রহমান বলেন, ষাটের দশকে তিনি এই বিভাগের ছাত্র ছিলেন। তাঁর অনেক স্মৃতি জড়িয়ে আছে এখানেই। বাংলাদেশের ইতিহাসে ষাটের দশককে সবচেয়ে গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, মুক্তিযুদ্ধসহ বাঙালির সব পরিবর্তনের কেন্দ্রবিন্দু ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাবেক সচিব ও উপদেষ্টা কাজী ফজলুর রহমান, এস এন মিত্র। সব বক্তাই এই বিভাগের প্রতিষ্ঠাতা কাজী মোতাহার হোসেনকে স্মরণ করেন। অনুষ্ঠানে কাজী মোতাহার হোসেনের দুই মেয়ে রবীন্দ্রসংগীত শিল্পী সন্জীদা খাতুন ও ফাহমিদা খাতুন, মনোয়ার হোসেন, আনোয়ার হোসেন তালুকদার, নাসিমা আক্তার, আমিনুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানস্থলে পুরোনো বন্ধুদের সঙ্গে আনন্দ করছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য ফরহাদ হোসেন। কেমন লাগছে—জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, ‘কত দিন পর সবার সঙ্গে দেখা। কেমন লাগছে, তা ভাষায় প্রকাশ করা যাবে না। এ এক অন্য রকম অনুভূতি। মনে হচ্ছে, অনেক দিন পর ঈদে বাড়িতে এলাম। মা-ভাই-বোনদের কাছে এলাম।’ মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম নুরুল ইসলাম স্মৃতিচারণা করে বলেন, এই বিশ্ববিদ্যালয়ের মায়া তিনি কখনোই ছাড়তে পারেননি। সব সময়ই তিনি বিশ্ববিদ্যালয় জীবনের দিনগুলোর কথা ভাবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৯৪৯ সালে গণিত বিভাগের সঙ্গে পরিসংখ্যান বিভাগের কার্যক্রম শুরু হয়। ১৯৫০ সালে স্বতন্ত্রভাবে পরিসংখ্যান বিভাগ চালু করেন কাজী মোতাহার হোসেন।