স্মৃতিচারণা, আলোচনা অনুষ্ঠান, র্যাফল ড্র আর জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের ১৭৫ বছর পূর্তি উৎসব। গতকাল ছিল তিন দিনব্যাপী অনুষ্ঠানের শেষ দিন।সমাপনী অনুষ্ঠানের দিন সকাল থেকে প্রাক্তন ছাত্রদের নিয়ে চলে স্মৃতিচারণা অনুষ্ঠান। এতে স্মৃতিচারণা করেন ডা. আহমেদ জসিম, হাসানুজ্জামান, এয়ার কমোডর মাহবুব জিলানী, নজরুল ইসলাম, বদরুল আলম প্রমুখ। প্রাক্তন শিক্ষার্থীরা বিদ্যালয়জীবনের স্মৃতিবিজড়িত নানা ঘটনা তুলে ধরেন। এরপর প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘কলেজিয়েটস আমাদের স্বপ্ন আমাদের প্রত্যাশা’ ও ‘কলেজিয়েট ট্রাস্ট ও আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। চৌধুরী মো. মহসীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ড. দানিউল হক, মহীতুল আলম, মাহবুব জিলানী, ইফতেখার আহমেদ খান, মুজিবুল গনি, মোহাব্বত খান প্রমুখ। অনুষ্ঠানে প্রাক্তন ছাত্ররা চট্টগ্রাম কলেজিয়েট ট্রাস্টি বোর্ডের কাছে পুরাতন অডিটোরিয়াম, পুকুর ও খেলার মাঠ সংস্কার, নতুন অডিটোরিয়াম নির্মাণসহ বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন।স্মৃতিচারণার পাশাপাশি চলে রক্তদান কর্মসূচি। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে গান পরিবেশন করেন কুমার বিশ্বজিৎ, অনিরুদ্ধ সেনগুপ্ত, সুতপা চৌধুরী ও চ্যানেল আই সেরা কণ্ঠশিল্পী কুনাল।