স্মৃতিচারণা, সাঁতার-বাইচে সুলতান উৎসবের সমাপ্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলে তিন দিনের সুলতান উৎসব গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে। শিল্পী এস এম সুলতানের স্মৃতিচারণা, শিশুদের চিত্র কর্মশালা, সাঁতার ও নৌকাবাইচ প্রতিযোগিতা, আলোচনাসভা, পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন ছিল এই উৎসবে।

উৎসবে প্রধান অতিথি বীরেন শিকদার বলেন, শিল্পী সুলতানের মতো করে এখন আর কাউকে ছবি আঁকতে দেখি না। তাঁর চিত্রকর্মে গ্রামীণ জনপদের সাধারণ কৃষকদের হৃষ্টপুষ্ট ছবি ফুটে উঠত। সাদামাটা জীবনযাপন করেছেন তিনি। শিশু-কিশোরদের কাছে তিনি ছিলেন প্রাণের মানুষ। অসাম্প্রদায়িক চেতনা এবং চিরকুমার এই শিল্পীকে বাঁচিয়ে রাখতে হলে এই প্রজন্মের শিল্পীদের তাঁর চিত্রকর্মকে অনুসরণ করতে হবে।

বিকেলে প্রতিমন্ত্রী চিত্রা নদীতে জেলা প্রশাসন ও সুলতান ফাউন্ডেশন আয়োজিত নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন। বৃষ্টিকে উপেক্ষা করে হাজার হাজার দর্শক সেটি উপভোগ করেন। পরে বাধাঘাট চত্বরে প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। সন্ধ্যায় সুলতান মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গতকাল সন্ধ্যায় নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চে শেখ হানিফের সভাপতিত্বে আলোচনাসভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক হেলাল মাহামুদ শরীফ, জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস বোস, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, এস এম সুলতান ফাউন্ডেশনের সদস্যসচিব আশিকুর রহমান, কলকাতা আর্ট কলেজের অধ্যক্ষ সুমন পাল, আরএলএফ লিমিটেডের ব্যবস্থাপক মোহাম্মদ মাহাবুবুল ওয়াহিদ, ভারত ক্রীড়াঙ্গনের ক্রীড়া ধারাভাষ্যকার মিহির দাস, সমাজসেবক শৈলেন্দ্রনাথ সাহা প্রমুখ।