স্মৃতিচিহ্ন খুঁজে ফিরছেন তাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাহাড়ধসে ছেলে, ছেলের বউ ও নাতিকে হারিয়েছেন বাসনা মল্লিক। গতকাল দুপুরে ছেলের ভাঙা ঘরের ধ্বংসস্তূপে খুঁজে পান নাতির জুতা। এরপরই কান্নায় ভেঙে পড়েন তিনি। ছবিটি রাঙামাটির ভেদভেদী এলাকার সনাতন পাড়া থেকে তোলা l সৌরভ দাশ
পাহাড়ধসে ছেলে, ছেলের বউ ও নাতিকে হারিয়েছেন বাসনা মল্লিক। গতকাল দুপুরে ছেলের ভাঙা ঘরের ধ্বংসস্তূপে খুঁজে পান নাতির জুতা। এরপরই কান্নায় ভেঙে পড়েন তিনি। ছবিটি রাঙামাটির ভেদভেদী এলাকার সনাতন পাড়া থেকে তোলা l সৌরভ দাশ

রাঙামাটি শহরের ভেদভেদী সনাতনপাড়ার বাসিন্দা ষাটোর্ধ্ব বৃদ্ধা বাসনা মল্লিক। ভাঙা ঘরটির ধ্বংসস্তূপে খুঁজে ফিরছিলেন তাঁর বুকের ধন ছেলে লিটন মল্লিক ও নাতি আয়ুষের স্মৃতিচিহ্ন। গতকাল মঙ্গলবার দুপুরে তিনি খুঁজে খুঁজে পান নাতির পায়ের ছোট্ট একটি জুতা। কাদামাখা সেই জুতা নিয়ে বুকে জড়িয়ে আহাজারি করতে থাকেন বাসনা। ১৩ জুন পাহাড়ধসের ঘটনায় ছেলে, ছেলের বৌ ও নাতিকে হারান তিনি। এরপর থেকে তিনজনের ফ্রেমে বাঁধানো ছবি বুকে নিয়ে তিনি খুঁজে ফিরছিলেন হারিয়ে যাওয়া প্রিয়জনদের স্মৃতি।

পাহাড়ধসে ঘটনাস্থলেই লিটন মল্লিক (৩৫), তাঁর স্ত্রী চুমকি মল্লিক (২৭) ও তাঁদের ছেলে আয়ুষ (২) মারা যান। পাশের তিনটি কক্ষে লিটনের মা-বাবা ও দুই ভাই পরিবার নিয়ে ছিলেন। ওই দিন পাহাড়ধসের পর বিকট শব্দে তাঁরা গিয়ে দেখতে পান ওই ঘরে তিনজনই মাটির নিচে চাপা পড়েছেন।

রাঙামাটির পাহাড়ধসে তৈরি হওয়া ধ্বংসস্তূপগুলোতে এখন প্রিয়জনের স্মৃতিচিহ্ন খুঁজে ফিরছেন মানুষ। খুজে পেলে পরম মমতায় বুকে জড়িয়ে ধরছে সেই সব চিহ্ন।

ভেদভেদী নতুনপাড়ায় গতকাল ১২ বছর বয়সী কাউছার চৌধুরী ভাঙা ঘরটিতে কী যেন খুঁজছিল। খুঁজতে খুঁজতে হেলে পড়া একটি বেড়ায় আবিষ্কার করে কাদামাখা ছেঁড়া শ্রেণিসূচি। সপ্তম শ্রেণির শিক্ষার্থী কাউছার চৌধুরী বলে, ‘এটা আমার বন্ধু সোহাগের শ্রেণি রুটিন। সে আমার সঙ্গে আলফেসানী একাডেমি উচ্চ বিদ্যালয়ে পড়ত। পাহাড়েধসে এই ঘরে সে মারা যায়।’

গত ১৩ জুন সোহাগদের ঘরটির ওপর পাশের একটি পাহাড় ভেঙে পড়ে। এতে ঘটনাস্থলেই সোহাগসহ  পরিবারের পাঁচ সদস্য ও তাদের গৃহ শিক্ষক মারা যায়। এরপর গত রোববার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সোহাগের বাবা নবী হোসেন।

সোহাগ ও কাউছার একসঙ্গে স্কুলে যেত। দুজনেই প্রাণের বন্ধু, আবার তারা প্রতিবেশীও। বন্ধুর করুণ মৃত্যুদৃশ্যের সাক্ষী সে। ওই দিনের কথা বলতে গিয়ে গলা কেপে ওঠে কাউছারের। তারপরও সে কান্নাজড়িত কণ্ঠে বলে, ‘সোহাগদের ঘরের ওপর পাহাড় পড়েছে শুনে মামাদের সঙ্গে ওখানে দৌঁড়ে যাই। গিয়ে দেখি সোহাগ বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে। আমাকে সে দেখেছে। তার একটি পা ধ্বংসস্তূপে আটকা পড়েছিল। অনেকে এগিয়ে গেল উদ্ধারের জন্য। কিন্তু তখন আরেকটি পাহাড় ভেঙে পড়ল।’

গতকাল মঙ্গলবার দুপুরে দেখা যায়, পাহাড়ের থাবায় ছিন্নভিন্ন সোহাগদের টিনশেড ঘরটি। ওই ধ্বংসস্তূপ থেকেই কাউছার খুঁজে বের করে প্রিয় বন্ধুর শ্রেণিসূচি আর একটি লেখার খাতাও।

প্রিয়জনের স্মৃতিচহ্ন ছাড়াও ফেলে আসা মালামালের খোঁজে ধ্বংসস্তূপগুলোতে লোকজন ভিড় করছিলেন। কেউ বাঁকা হয়ে যাওয়া বৈদ্যুতিক পাখা, কেউবা ভেঙে যাওয়া আলমারি, বা একটি কাদামাখা ব্যাগ ইত্যাদি খুঁজে বের করছিল।

ফরিদ ভান্ডারি নামে একজনকে দেখা যায় একটি বৈদ্যুতিক পাখা নিয়ে যেতে। তিনি বলেন, ‘ভেঙে যাওয়া ঘর থেকে পাখাটি খুলে নিয়ে যাচ্ছি। কারণ চুরি হয়ে যেতে পারে। ঘর তো নেই, এখন আশ্রয়কেন্দ্রই ঠিকানা।’