স্মৃতিচিহ্ন না থাকায় হতাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিবাহিনীর চিফ অব স্টাফ এম এ রবের নামে হবিগঞ্জে গড়ে তোলা হয়েছে এম এ রব গণগ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর। গণগ্রন্থাগারে পত্রিকা ও বই থাকলে স্মৃতি জাদুঘরে কোনো নিদর্শন না থাকায় হতাশা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।হবিগঞ্জ জেলা পরিষদ সূত্রে জানা গেছে, গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে শহরের কালেক্টর ভবনের সামনে এম এ রব গণগ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়। গত ৮ জুলাই ওই গণগ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হয়। সম্প্রতি গণগ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরে গিয়ে দেখা যায়, গ্রন্থাগারে বই থাকলেও জাদুঘর এম এ রবের কোনো স্মৃতিচিহ্ন নেই। ভবনের সামনের দিকে দেয়ালে আঁকা এম এ রবের একটি ম্যুরাল চিত্রই যেন জাদুঘরের একমাত্র নিদর্শন। মুক্তিযুদ্ধেরও কোনো স্মৃতিচিহ্ন রাখা হয়নি এখানে। হবিগঞ্জ শহরের সরকারি কর্মকর্তা-কর্মচারী আবাসিক এলাকার বাসিন্দা ফিরোজ আহমেদ জানান, এম এ রব সম্পর্কে জানানোর জন্য কয়েক দিন আগে তিনি তাঁর সন্তানকে নিয়ে জাদুঘরে গিয়েছিলেন। কিন্তু গিয়ে এম এ রব ও মুক্তিযুদ্ধের কোনো নিদর্শন না পেয়ে হতাশ হয়েছেন। চেতনায় একাত্তর হবিগঞ্জের সাধারণ সম্পাদক কেয়া চৌধুরী বলেন, এম এ রবের ব্যক্তিগত ও যুদ্ধকালীন অসংখ্য স্মৃতিচিহ্ন তথ্য রয়েছে। সেগুলো সংগ্রহ করতে কেউ কাজ করছে না। এসব বিষয় নিয়ে কাজ না করলে এ জাদুঘর সমৃদ্ধ করা সম্ভব হবে না।সংশ্লিষ্ট সূত্র জানায়, গ্রন্থাগারে মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলনসহ নানা বিষয়ের প্রায় ৯০০ বই রয়েছে। রয়েছে ১২টি জাতীয় দৈনিক। তবে এখনো গ্রন্থাগারের অধিকাংশ আলমারিই ফাঁকা রয়েছে। অনেক সময় পাঠকেরা গ্রন্থাগারে তাঁদের চাহিদামতো বই পান না। কথা হয় গ্রন্থাগারের প্রায় নিয়মিত পাঠক সুমন হকের সঙ্গে। তিনি জানালেন, গ্রন্থাগারে প্রায় প্রতিদিনই আসা হয়। বেশির ভাগ সময় পত্রিকাই পড়া হয়। পাঠক শারমিন সুলতানা বলেন, চাহিদা অনুযায়ী অনেক বই নেই। বিশেষ করে বিজ্ঞানভিত্তিক বইয়ের সংকট রয়েছে। শারমিনের মতে, মানসম্মত বই রাখলে এখানে পাঠক সমাগম আরও বাড়বে। গ্রন্থাগারিক সাঈদা জাহান জানান, বিকেল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত গ্রন্থাগার খোলা থাকে। পাঠকসংখ্যা দিন দিন বাড়ছে। যোগাযোগ করা হলে হবিগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ছালেহ উদ্দিন চৌধুরী বলেন, ‘জাদুঘরের নিদর্শনের জন্য স্থানীয় লোকজন, মুক্তিযোদ্ধা সংসদ ও প্রগতিশীল মানুষের সহযোগিতা প্রয়োজন। আর গ্রন্থাগারের জন্য দুই লাখ টাকার নতুন বই কেনা হবে।’ মুক্তিবাহিনীর চিফ অব স্টাফ এম এ রব হবিগঞ্জের বানিয়াচং উপজেলার খাগাউড়া গ্রামে ১৯১৯ সালের ৬ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তাঁর জীবনাবসান হয় ১৯৭৫ সালের ১৪ নভেম্বর।