
চারটি স্তম্ভের প্রতিটির এক পাশে একাত্তরের শহীদ বুদ্ধিজীবীদের আলোকচিত্র ও পরিচিতি। দুটি স্তম্ভের এক পাশে হলভিত্তিক শহীদ শিক্ষার্থীদের নামের তালিকা, একটিতে শিক্ষক ও কর্মকর্তাদের পরিবারের শহীদ সদস্যদের তালিকা আর একটিতে কর্মচারী পরিবারের সদস্যদের তালিকা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে এমনই এক শহীদ স্মৃতিফলক উন্মোচন করা হয়েছে। কলাভবন, বটতলা, অপরাজেয় বাংলাসহ এই এলাকার বিভিন্ন স্থাপনার সৌন্দর্যবর্ধন ও সংস্কারের পাশাপাশি এই স্তম্ভটিও উদ্বোধন করা হয়। গতকাল মঙ্গলবার বিকেলে কলাভবন চত্বরে এক অনুষ্ঠানে এটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান।
শ্বেতপাথরে নির্মিত এই স্মৃতিফলকে শহীদ শিক্ষকদের মধ্যে অনুদ্বৈপায়ন ভট্টাচার্য, মুনীর চৌধুরী, গোবিন্দচন্দ্র দেব, জ্যোতির্ময় গুহঠাকুরতা, সন্তোষচন্দ্র ভট্টাচার্য, মুহম্মদ আনোয়ার পাশা, মো. আবুল খায়ের, সিরাজুল হক খানসহ ২০ জনের ছবি স্থান পেয়েছে। শিক্ষার্থীদের তালিকায় ১০৫ জনের নাম রয়েছে। তালিকায় কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্যদেরও রাখা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ঐতিহাসিক কলাভবনের প্রাঙ্গণের সৌন্দর্যবর্ধন ও শহীদদের স্মরণে যে স্মৃতিফলক করা হয়েছে, শিক্ষার্থীদের মধ্যে এর প্রভাব পড়বে। সুন্দর পরিবেশ তাঁদের ভালো মনন তৈরিতে সাহায্য করবে।
এই সৌন্দর্যবর্ধনের কাজে আর্থিক সহযোগিতায় ছিল এসিআই লিমিটেড। প্রসঙ্গটি তুলে উপাচার্য বলেন, এটি ঐতিহাসিক কাজের সঙ্গে সম্পৃক্ত হওয়ার একটি প্রচেষ্টা। বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে এই প্রচেষ্টা সবাইকে অনুপ্রাণিত করবে।
বিশেষ অতিথির বক্তব্যে এসিআই লিমিটেডের চেয়ারম্যান এম আনিস উদ দ্দৌলা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা যেভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং যে ত্যাগ স্বীকার করেছেন, তাতে বাঙালি জাতি তাঁদের কাছে চিরকৃতজ্ঞ। তাঁদের এই ত্যাগের অপরিসীম মহিমাকে চিরস্মরণীয় করে রাখতে এই স্মৃতিফলক নির্মাণ করা হয়েছে।
কলা অনুষদের ডিন অধ্যাপক আবু মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, অধ্যাপক মো. শাহজাহান মিয়া প্রমুখ বক্তব্য দেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক ও শিক্ষার্থী এবং এসিআইয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কলাভবন সংস্কারের পাশাপাশি এর সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নেয়। এর অংশ হিসেবে সেখানে স্মৃতিফলক নির্মাণ, ফোয়ারা, বটতলায় বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হয়।