স্মৃতিবিজড়িত স্থানগুলোতে থাকছে নানা আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ২৫ বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৪৯তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রবীন্দ্র কাছারিবাড়ি, কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ কুঠিবাড়ি, খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণ দিহি গ্রামের রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি রবীন্দ্র কমপ্লেক্স ও নওগাঁর আত্রাই উপজেলার পতিসরে আয়োজন করা হয়েছে নানা কর্মসূচির। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:সিরাজগঞ্জ: শাহজাদপুর উপজেলার রবীন্দ্র কাছারিবাড়িতে জেলা প্রশাসন আয়োজিত তিন দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম। উপস্থিত থাকবেন স্থানীয় সাংসদ চয়ন ইসলাম, ইসাহাক হোসেন তালুকাদার, শফিকুল ইসলাম, তানভির শাকিল, বেগম রুমানা মাহমুদ, পুলিশ সুপার মোশারফ হোসেন, উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান প্রমুখ। বিকেলে রবীন্দ্রনাথের ওপর অনুষ্ঠিত আলোচনা সভায় মূল প্রবন্ধ পাঠ করবেন আবদুল খালেক। সন্ধ্যায় অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।কুষ্টিয়া ও কুমারখালী: শিলাইদহের কুঠিবাড়ি চত্বরে আজ দুই দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করবেন সাংসদ সুলতানা তরুণ। প্রধান আলোচক হিসেবে থাকবেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক আবুল আহসান চৌধুরী। কুষ্টিয়ার জেলা প্রশাসক আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন কুষ্টিয়ার পুলিশ সুপার শাহাবুদ্দিন খান, কুমারখালী উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ। এবারের অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় আছে বেসরকারি মোবাইল ফোন কোম্পানি রবি।অভয়নগর (যশোর): খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণদিহি গ্রামের রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি রবীন্দ্র কমপ্লেক্সে আজ শুরু হচ্ছে তিন দিনব্যাপী রবীন্দ্র জন্মবার্ষিকী ও লোকমেলা। বিকেল সাড়ে চারটায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মসিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে থাকবেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, সাংসদ নারায়ণ চন্দ্র চন্দ প্রমুখ। প্রথম দিনের আলোচনার বিষয় ‘শতবর্ষে গীতাঞ্জলী’। আলোচক সরকারি বিএল কলেজের সাবেক অধ্যক্ষ সাধন রঞ্জন ঘোষ ও সরকারি বিএল কলেজের বাংলা বিভাগের সাবেক প্রধান মো. আবদুল মান্নান।আত্রাই (নওগাঁ): উপজেলার পতিসরে আজ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। বিশেষ অতিথি থাকবেন সাংসদ আব্দুল জলিল, মো. ইসরাফিল আলম, লেখক আহমদ রফিক, রবীন্দ্র গবেষক সাইফুদ্দিন, রাজশাহী বিভাগীয় কমিশনার হাফিজুর রহমান ভুঞা।