স্মৃতির আলোয় বিউটি বোর্ডিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত শতকের পঞ্চাশের দশকে তরুণ কবি, সাহিত্যিক, শিল্পী, সাংবাদিক, প্রগতিশীল রাজনীতিকদের আড্ডার কেন্দ্র হয়ে উঠেছিল পুরান ঢাকার ১ নম্বর শ্রীশ দাস লেনের বিউটি বোর্ডিং। কবি শামসুর রাহমানের তো বিখ্যাত কবিতাই আছে ‘বিউটি বোর্ডিং’ নামে। কে বিউটি বোর্ডিংয়ে আড্ডা দেননি? তারপর বহুদিন গড়িয়েছে। সেই তরুণেরা আজ দেশের শিল্প-সাহিত্যের অঙ্গনে লব্ধপ্রতিষ্ঠ ব্যক্তিত্ব। বিউটি বোর্ডিংয়ে যাঁরা এককালে আড্ডা জমিয়েছেন, তাঁদের প্রথম পুনর্মিলনী হয়েছিল ১৯৯৫ সালে। তার পর থেকে প্রতিবছর স্মৃতিচারণার আয়োজন করা হচ্ছে নিয়মিত। প্রতিষ্ঠিত হয়েছে ‘বিউটি বোর্ডিং সুধী সংঘ ট্রাস্ট’। ট্রাস্টের উদ্যোগে ইমরুল চৌধুরীর সম্পাদনায় স্মৃতিচারণামূলক রচনা নিয়ে প্রকাশিত হলো পূর্ণিমার মধ্য বয়সে বিউটি বোর্ডিং। গতকাল শনিবার সন্ধ্যায় বিউটি বোর্ডিংয়ের সামনের বাগানে আয়োজন করা হয়েছিল বইটির প্রকাশনা অনুষ্ঠান। এ উপলক্ষে মিলিত হয়েছিলেন বিউটিয়ানরা। আড্ডায়, স্মৃতিচারণায় তাঁরা ফিরে গিয়েছিলেন তারুণ্যের দিনগুলোতে। বইয়ের মোড়ক উন্মোচন করেন সৈয়দ শামসুল হক। তিনি বলেন, পুরান ঢাকার নাম শুনেছেন কিন্তু পুরান ঢাকা দেখেননি এমন অনেকেও বিউটি বোর্ডিংয়ের নাম জানেন। বোর্ডিংয়ের আগে এখানে ছিল সোনার বাংলা পত্রিকার অফিস ও প্রেস। তারপর বিউটি বোর্ডিংকে কেন্দ্র করে সাহিত্যিক, শিল্পী, প্রগতিশীল রাজনীতিকদের সমাবেশ। এখানকার মাটি সৃজনশীলতার বিকাশে বিশেষ ভূমিকা রেখেছিল। এই ভবনকে ‘ন্যাশনাল হেরিটেজ’ হিসেবে ঘোষণা দেওয়ার বিষয়টি বিবেচনার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হায়াত্ মামুদ। ইমরুল চৌধুরী, সোনারং প্রকাশনীর স্বত্বাধিকারী কাজী হাসান, কবি সানাউল হক খান আলোচনা করেন। নায়লা তারান্নুম শামসুর রাহমানের ‘বিউটি বোর্ডিং’ কবিতা আবৃত্তির মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করেছিলেন।বৈশাখে উৎসবে মেতেছেন নাট্যজনেরা নবীন বৈশাখে রাজধানীর নাট্যামোদীরা মেতে উঠেছেন নাট্যোৎসবে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে বেশ কিছু নাট্যদল এখন ঢাকায় অবস্থান করছে। সন্ধ্যায় তাদের পরিবেশনা উপভোগ করতে বিভিন্ন মঞ্চে ভিড় করছেন নাট্যামোদীরা। আইটিআই উৎসব উপলক্ষে এসেছেন বিদেশি নাট্যজনেরাও। গতকাল শনিবার সন্ধ্যায় জাতীয় নাট্যশালায় চায়নিজ অপেরা ইনস্টিটিউট পরিবেশন করে পেইন্টেড স্কিন। শিল্পকলার পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে ঢাকা পদাতিক মঞ্চায়ন করে তাদের নতুন নাটক পাইচো চোরের কিচ্ছা। স্টুডিও থিয়েটার হলে পালাকার মঞ্চায়ন করে মৃত্তিকা কুমারী। আজ রোববার নাট্যশালায় ঢাকা থিয়েটার মঞ্চায়ন করবে ধাবমান। পরীক্ষণ থিয়েটারে সময় সাংস্কৃতিক গোষ্ঠী করবে শেষ সংলাপ। স্টুডিও থিয়েটার মঞ্চে রয়েছে চারণিকা যাত্রাসমাজের যাত্রাপালা মহীয়সী কৈকেয়ী। বাংলা একাডেমীতে বৈশাখী মেলা বইয়ের আড়ংমানিকগঞ্জের এরফান সরকার তাঁর দোকান সাজিয়েছেন তানপুরা, করতাল, বেহালা, ঢুগঢুগি, মন্দিরা, একতারা ও বিভিন্ন ধরনের বাঁশি দিয়ে। কেমন বিক্রি হচ্ছে? জানতে চাইলে এরফান সরকার বলেন, ‘বিক্রিবাট্টা ভালো। তবে বিক্রির চেয়েও প্রতিবছর এখানে আসি প্রাণের টানে।’ বাংলা নববর্ষ ১৪১৭ উদ্যাপন উপলক্ষে বাংলা একাডেমী মাঠে বিসিকের নকশাকেন্দ্রের সঙ্গে যৌথ আয়োজনে শুরু হয়েছে ঐতিহ্যবাহী বৈশাখী মেলা। ১০ দিনের এই মেলা উপলক্ষে এক পাশে রয়েছে একাডেমীর বইয়ের আড়ং। এ ছাড়া একাডেমীর আয়োজনে চলছে লোকসংস্কৃতিবিষয়ক সেমিনার, বাউলগানের আসর।একাডেমীর নজরুল মঞ্চ প্রাঙ্গণ ও বহেড়াতলায় বৈশাখী মেলার স্টলের সারি। গতকাল মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা গেল, আয়োজন বেশ গোছানো ও পরিপাটি। স্টলগুলো সুন্দর করে সাজানো। মেলায় আসছে নানা বয়সের মানুষ। একাডেমীর পুস্তক বিক্রয়কেন্দ্রের সামনে চলছে বইয়ের আড়ং। এখানে শতকরা ৩৫ থেকে ৭০ ভাগ কমিশনে বিক্রি হচ্ছে বই।