স্মৃতির মিনারে বিনম্র শ্রদ্ধা নিবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভাষাশহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানাতে ছুটে এসেছে এই শিশুটিও। কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে গতকাল সকালে তোলা ছবি l মনিরুল আলম
ভাষাশহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানাতে ছুটে এসেছে এই শিশুটিও। কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে গতকাল সকালে তোলা ছবি l মনিরুল আলম

যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে পুরো জাতি। বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা হয়েছে ভাষাশহীদদের, যাঁদের বুকের তাজা রক্ত রাঙিয়েছিল ঢাকার রাজপথ।
একুশের প্রথম প্রহরে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনার এবং দেশের অন্য শহীদ মিনারগুলোতে মানুষের ঢল নামে। তবে গতকাল রোববার ভোর থেকে দেশের সব শহীদ মিনারে জড়ো হয় বিভিন্ন শ্রেণি, পেশা ও বয়সের মানুষ। শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নিবেদন করা ফুলে ফুলে ভরে ওঠে দেশের হাজার হাজার শহীদ মিনারের বেদি।
প্রথম প্রহরেই কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া পৃথকভাবে শ্রদ্ধা জানান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, তিন বাহিনীর প্রধান, বিভিন্ন দেশের কূটনীতিকেরা শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
গতকাল ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা পরিণত হয় জনসমুদ্রে। ভোরে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শুরু হয় প্রভাতফেরি। প্রায় দিনভর কেন্দ্রীয় শহীদ মিনারের আশপাশে হাজার হাজার মানুষ জড়ো হয়। অনেকেই তাদের বুকে কালো ব্যাজ ধারণ করে। শাহবাগ, আজিমপুর, নীলক্ষেতসহ কেন্দ্রীয় শহীদ মিনারে যাওয়ার প্রতিটি প্রবেশপথেই ছিল মিছিলের সারি। শহীদ মিনারের আশপাশের এলাকায় মাইকে অনবরত বাজানো হয়, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/ আমি কি ভুলিতে পারি।’
একুশে ফেব্রুয়ারি উপলক্ষে গতকাল ছিল সরকারি ছুটি। ছুটির আমেজে অনেকে ঘুরে বেড়ান ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। জমে উঠেছিল অমর একুশে গ্রন্থমেলা। ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীতে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে প্রথম আলো আয়োজিত বর্ণমেলা। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নতুন প্রজন্মের শিশুদের বর্ণের সঙ্গে পরিচয় করিয়ে দিতে সপ্তমবারের মতো আয়োজন করা হয় এ মেলার।
শাহবাগ প্রজন্ম চত্বরে ভাষা আন্দোলনের অমর শহীদদের প্রতি নিবেদিত গান ও পঙ্ক্তিমালায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে গণজাগরণ মঞ্চ। এ ছাড়া শহরজুড়ে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা।
গতকাল কেন্দ্রীয় শহীদ মিনারে আসা এবং শহরজুড়ে ঘুরে বেড়ানো নগরবাসীর পোশাকেও ছিল একুশের চেতনার ছাপ। পোশাকে সাদা আর কালো রঙের ব্যবহার ছিল বেশি। তাতে খচিত ছিল বর্ণমালা, কবিতার চরণ বা গানের কলি। আবার লাল-সবুজের বাংলাদেশকে ধারণ করতে দেখা গেছে কারও কারও পোশাকে।
শুধু ঢাকায় নয়, আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর, সিলেটসহ দেশের সব জেলায় শহীদ মিনারে সর্বস্তরের জনতার ঢল নামে। বিদেশে বাংলাদেশের সব দূতাবাসের উদ্যোগে দিবসটি পালিত হয়।
১৯৫২ সালে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে বাঙালির আত্মদানের দিনটি বাংলাদেশের ইতিহাসে মহান শহীদ দিবস। ১৯৯৯ সালে ইউনেসকো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়। শুধু বাংলাদেশেই নয়, ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালিত হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে।