স্মৃতির মিনারে শ্রদ্ধার্ঘ্য

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, স্বেচ্ছায় রক্তদান, আলোচনা সভাসহ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় গতকাল রোববার সারা দেশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় ফুলে ফুলে ভরে যায় স্মৃতির মিনার।
ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
নড়াইল: গতকাল রোববার সন্ধ্যায় এক লাখ মোমবাতির আলোয় স্মরণ করা হয় ভাষাশহীদদের। শহরের সরকারি ভিক্টোরিয়া কলেজের কুড়িডোব (সাবেক ওয়েলিংটন) মাঠে একুশ উদ্যাপন পর্ষদের উদ্যোগে এই দীপশিখা প্রজ্বালন কর্মসূচির আয়োজন করা হয়। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে সব শিখা জ্বলে ওঠে। এ প্রজন্মের ১০ হাজার শিশু-কিশোর, রাজনীতিক, মুক্তিযোদ্ধা, সুশীল সমাজ ও ভাষাসৈনিক সন্ধ্যা ছয়টা ১৫ মিনিটে কলেজের মাঠে দীপশিখা জ্বালানো কর্মসূচিতে অংশ নেন। নানা আলপনায় আঁকা স্মৃতিসৌধ ও শহীদ মিনারের আদলে মাঠজুড়ে সারি সারি শিখা সাজানো হয়। মঞ্চ থেকে স্থানীয় ও অতিথি শিল্পীরা ‘আমার ভায়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ সুরের মূর্ছনায় দীপশিখা প্রজ্বালনের উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। এরপর শুরু হয় মুক্তিযুদ্ধভিত্তিক গণসংগীত ও দেশাত্মবোধক গান।
ভোলা: শহরের টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয় (বাংলা স্কুল) মাঠে জেলা প্রশাসন সাত দিনব্যাপী (২১ থেকে ২৭ ফেব্রুয়ারি) শুরু করেছে বইমেলা। শনিবার রাত ১২টা ১ মিনিটে ভোলা সরকারি বালক বিদ্যালয় মাঠে প্রধান শহীদ মিনারে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক সেলিম উদ্দিন। এ সময় পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে ভোলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা প্রশাসন, জেলা ও দায়রা জজ আদালত, পুলিশ সুপার, ভোলা প্রেসক্লাব, কৃষিবিদ ইনস্টিটিউট। ভোরে ভোলার শিক্ষাপ্রতিষ্ঠান, প্রথম আলো ভোলা বন্ধুসভা, ভোলা আবৃত্তি সংসদ, জীবনপুরাণ আবৃত্তি একাডেমিসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা জানায়। মেঘনার মাঝে জেগে ওঠা মদনপুর ইউনিয়নে প্রথম আলো মাধ্যমিক বিদ্যালয় মাঠে, রাজাপুরে বাঁধের খাদে, গ্রাম্য বাজারে কলাগাছ ও কাঠ দিয়ে অস্থায়ী শহীদ মিনার বানিয়ে ফুল দেওয়া হয়।
পটুয়াখালী: একুশের প্রথম প্রহরে পৌরসভা চত্বরের কেন্দ্রীয় শহীদ মিনারে সংরক্ষিত আসনের সাংসদ বেগম লুৎফুননেছা, জেলা প্রশাসক এ কে এম শামিমুল হক সিদ্দিকী, পটুয়াখালী পুলিশ সুপার সৈয়দ মোসফিকুর রহমান পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, প্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষ শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে।
ফরিদপুর: একুশের প্রথম প্রহরে শহরের অম্বিকা ময়দানে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে একুশের অনুষ্ঠানমালা শুরু হয়। পরে ফরিদপুরের জেলা প্রশাসক সরদার সরাফত আলী, জেলা ও দায়রা জজ মো. জাহিদুল ইসলাম, পুলিশ সুপার জামিল হাসান পুষ্পমাল্য অর্পণ করেন। পরে ফরিদপুর পৌরসভা, ফরিদপুর প্রথম আলো বন্ধুসভা, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, বিএনপি, সিপিবিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
ইসলামী বিশ্ববিদ্যালয়: শনিবার রাত পৌনে ১২টায় প্রশাসন ভবনের সামনে থেকে উপাচার্য অধ্যাপক আবদুল হাকিম সরকারের নেতৃত্বে একটি শোকযাত্রা বের হয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। রাত ১২টা ১ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপাচার্য অধ্যাপক আবদুল হাকিম সরকার ও সহ-উপাচার্য অধ্যাপক শাহিনুর রহমান। এরপর পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, শাপলা ফোরাম, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ, ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন ছাত্রসংগঠন, আবাসিক হল, শিক্ষক সংগঠন এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. শামসুদ্দীন। এরপর কাউন্সিল, প্রভোস্ট কাউন্সিল, সেক্টর কমান্ডারস ফোরাম, অফিসার্স অ্যাসোসিয়েশন, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ, বঙ্গবন্ধু কর্মকর্তা-কর্মচারী সমন্বয় পরিষদ, কর্মচারী পরিষদ, সাংস্কৃতিক কেন্দ্রসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও বিশ্ববিদ্যালয়ের আবাসিক ছাত্রাবাসের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এ ছাড়া কর্মসূচির মধ্যে ছিল প্রভাতফেরি, আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। সন্ধ্যা সাড়ে ছয়টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বক্তৃতা প্রতিযোগিতা এবং সন্ধ্যা সাড়ে সাতটায় কেন্দ্রীয় অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক কেন্দ্রের ব্যবস্থাপনায় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কুষ্টিয়া: প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন। এরপর পুলিশ সুপার প্রলয় চিসিম, রাজনৈতিক ব্যক্তি, মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠন বেদিতে ফুল দেয়। সকালে প্রথম আলো কুষ্টিয়া বন্ধুসভার সদস্যরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। বিকেলে শহীদ মিনারের পাদদেশে কবিতা আবৃত্তি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
চুয়াডাঙ্গা: একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার, জেলা প্রশাসক সায়মা ইউনুস, পুলিশ সুপার মো. রশীদুল হাসান ও পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি, সরকারি কলেজ, সরকারি আদর্শ মহিলা কলেজ, চুয়াডাঙ্গা প্রেসক্লাব, প্রথম আলো বন্ধুসভা, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও হরিজন মানবাধিকার সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুল দেওয়া হয়। দর্শনার অনির্বাণ থিয়েটার একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আট দিনব্যাপী উৎসব শুরু করেছে। উৎসবের দিনগুলোতে নাটক, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন প্রতিযোগিতা রাখা হয়েছে।

রাজবাড়ী: প্রথম প্রহরে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বেশ কিছু সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান পুষ্পমাল্য অর্পণ করে। এ সময় স্থানীয় সাংসদ কাজী কেরামত আলী, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ কামরুন নাহার চৌধুরী, জেলা প্রশাসক (ডিসি) জিনাত আরা, পুলিশ সুপার (এসপি) জিহাদুল কবির প্রমুখ উপস্থিত ছিলেন। সকালে জেলার প্রধান শহীদ মিনারে আওয়ামী লীগ, বিএনপি, কমিউনিস্ট পার্টি, ছাত্র ইউনিয়ন, প্রথম আলো বন্ধুসভাসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান পুষ্পমাল্য অর্পণ করে। সকাল সাড়ে সাতটায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনের উন্মুক্ত মঞ্চে আলোচনা সভার আয়োজন করা হয়। সন্ধ্যায় জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বইমেলায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাতক্ষীরা: ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নামে সাতক্ষীরার শহীদ আবদুর রাজ্জাকের কেন্দ্রীয় শহীদ মিনারে। শনিবার রাত ১০টা থেকে চলতে থাকে দেশাত্মবোধক গান ও আবৃত্তি। রাত ১২টা ১ মিনিটে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাতক্ষীরা-২ আসনের সাংসদ মীর মোস্তাক আহমেদ, সাতক্ষীরা-১ আসনের সাংসদ মুস্তফা লুৎফুল্লাহ, জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও সাতক্ষীরা পৌরসভার মেয়র তাসকিন আহমেদ চিশতিকে সঙ্গে নিয়ে প্রথমে শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন।
গোপালগঞ্জ: দিবসের প্রথম প্রহর ১২টা ১ মিনিটে প্রথমে ফুল দিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুলিশ সুপার শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর জেলা পরিষদের প্রশাসক, আওয়ামী লীগ, গোপালগঞ্জ পৌরসভা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এদিকে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় এক আলোচনা সভার আয়োজন করে।