‘এটি অনেক সুন্দর। সত্যিই এই স্তম্ভ বাংলাদেশের প্রতিনিধিত্ব করে।’ গতকাল সোমবার সাভারে জাতীয় স্মৃতিসৌধের সামনে দাঁড়িয়ে এভাবেই নিজের অনুভূতির কথা জানালেন ১১তম এশিয়া প্যাসিফিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে অংশ নেওয়া শ্রীলঙ্কা দলের নেতা অধ্যাপক চন্দনা জয়াভাত্রি। স্মৃতিসৌধ পরিদর্শনের সময় রাশিয়ার প্রতিযোগী নিকোলাই বললেন, ‘এই স্মৃতিসৌধ একটি ব্যতিক্রমী স্থাপনা।’
সকালে প্রতিযোগিতাস্থল আশুলিয়ার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে প্রতিযোগী ও দলনেতাদের নিয়ে যাওয়া হয় জাতীয় স্মৃতিসৌধে। এখানে ঘুরতে আসা দলটিতে ছিলেন ২০ জন প্রতিযোগী এবং প্রতিযোগিতায় অংশ নেওয়া চার দলনেতা। বেলা ১১টার দিকে সবাই ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্মৃতিসৌধে।
স্মৃতিসৌধ পরিদর্শনের পর সবার গন্তব্য ছিল গাজীপুরের কালিয়াকৈরে জ্যোতিঃপদার্থবিজ্ঞানী মেঘনাধ সাহার বাড়ি। এই জ্যোতিঃপদার্থবিজ্ঞানীর শত বছরের পুরোনো বাড়িটি ঘুরে দেখেন সবাই। মেঘনাধ সাহার ব্যবহৃত জিনিসপত্র দেখেন তাঁরা। জ্যোতিঃপদার্থবিজ্ঞানীর বাড়িতে গিয়ে হতাশ হন বাংলাদেশ আলফা দলের সদস্য মো. মাহমুদুন্নবী। তিনি বলেন, মেঘনাধ সাহা জ্যোতিঃপদার্থবিজ্ঞানের একজন অগ্রগণ্য বিজ্ঞানী। অথচ তাঁর বাড়িটি সংরক্ষণের উদ্যোগ নেই।
মেঘনাধ সাহার বাড়ি থেকে ফেরার আগে অনেকেই তাঁর পারিবারিক ডায়েরিতে লিখে আসেন নিজেদের অনুভূতি। ১৯৪০ সালে মেঘনাধ সাহা প্রতিষ্ঠিত শেওড়াতলী ভুবনেশ্বরী বালিকা উচ্চবিদ্যালয়ও পরিদর্শন করেন প্রতিযোগীরা।
বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, রুশবিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্র এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এই প্রতিযোগিতার আয়োজন করেছে। এতে চারটি দেশ অংশ নিয়েছে।