স্মৃতিসৌধের পাশে 'ভাগাড়'!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্মৃতিসৌধ ঘেঁষে সিটি করপোরেশন ময়লা-আবর্জনা রাখার স্টেশন নির্মাণ করছে। গতকালের ছবি l প্রথম আলো
স্মৃতিসৌধ ঘেঁষে সিটি করপোরেশন ময়লা-আবর্জনা রাখার স্টেশন নির্মাণ করছে। গতকালের ছবি l প্রথম আলো

সিলেট নগরের টিলাগড় এলাকায় অবস্থিত স্মৃতিসৌধের ঠিক দুই গজ দূরেই নির্মিত হচ্ছে ‘ময়লা-আবর্জনার ভাগাড়’। ‘সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন’ নামে ওই ভাগাড়টি নির্মাণ করছে সিলেট সিটি করপোরেশন। তবে এটি ‘আবর্জনার ভাগাড়’ নয় উল্লেখ করে সিটি করপোরেশন জানিয়েছে, এখানে অত্যাধুনিক পদ্ধতিতে ময়লা-আবর্জনা সংরক্ষণ করা হবে।
স্মৃতিসৌধ নির্মাণের জন্য গত চারদলীয় জোট সরকারের শেষ সময়ে নগরের টিলাগড় এলাকার এমসি কলেজের কিছু জায়গা বরাদ্দ নেয় গণপূর্ত বিভাগ।ওই স্থানে সিলেট জেলার সব শহীদ মুক্তিযোদ্ধার নামের তালিকা-সংবলিত স্মৃতিসৌধটি নির্মাণ করে গণপূর্ত বিভাগ।
মাস পাঁচেক আগে স্মৃতিসৌধের ঠিক পাশেই ‘সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন’ স্থাপনের জন্য এমসি কলেজ কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে সাড়ে পাঁচ ডেসিমেল জায়গা চেয়ে আবেদন করে সিটি করপোরেশন কর্তৃপক্ষ। মাস খানেক আগে ৭৯ লাখ টাকা ব্যয়ে এই প্রকল্পের কাজ শুরু হয়। দুই হাজার ১০০ ফুট জায়গার ওপর স্টেশনটি নির্মিত হচ্ছে বলে করপোরেশনের কর্মকর্তারা জানিয়েছেন। সরেজমিনে দেখা গেছে, স্টেশনটির গ্রেড বিম পর্যন্ত নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার তিনজন নির্মাণ-শ্রমিককে কাজ করতে দেখা গেছে।
সিটি করপোরেশনের প্রকৌশল শাখা জানিয়েছে, টিলাগড় এলাকা ছাড়াও শাহি ঈদগাহ, রিকাবীবাজার এবং দক্ষিণ সুরমা এলাকায় একই ধরনের স্টেশন স্থাপনের কাজ চলছে। চারটি স্টেশনের প্রকল্প ব্যয় ধরা হয়েছে তিন কোটি ২০ লাখ টাকা। এসব স্টেশনে নগরের বিভিন্ন পাড়া-মহল্লার খোলা ডাস্টবিনে জমা করা ময়লা-আবর্জনা এনে সংরক্ষণ করা হবে।
স্মৃতিসৌধের ঠিক পাশেই আবর্জনা সংরক্ষণের জন্য ‘সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন’ নির্মাণের বিষয়টি শহীদদের প্রতি অবমাননার শামিল জানিয়ে সিলেট এমসি কলেজের প্রাক্তন ও বর্তমান একাধিক শিক্ষার্থী ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। স্থানীয় ব্যক্তিরা জানান, কলেজে বন্দোবস্ত নেওয়ার মতো আরও অনেক জায়গা থাকা সত্ত্বেও মানুষের পথ চলাচলের জন্য গুরুত্বপূর্ণ একটি রাস্তার মোড়ে অবস্থিত স্মৃতিসৌধের ঠিক পাশেই কেন এ ধরনের একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে, তা তাঁদের বোধগম্য হচ্ছে না।
এমসি কলেজের ইসলামের ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. ইয়াকুব আলী বলেন, স্মৃতিসৌধের পাশের খালি জায়গায় সৌন্দর্য বর্ধন করার দাবি শিক্ষার্থীদের দীর্ঘদিনের। অথচ এখানে আবর্জনার একটি ভাগাড় তৈরি করা হচ্ছে।
কলেজের অধ্যক্ষ নিতাই চন্দ্র চন্দ জানান, তিনি দেড় মাস আগে নিযুক্ত হয়েছেন। এর আগেই মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে কলেজের জায়গাটি সিটি করপোরেশনকে মৌখিকভাবে বরাদ্দ দেওয়া হয়।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. আজাদুর রহমান বলেন, এটি স্মৃতিসৌধ নয়, এটি জেলার শহীদদের নামসংবলিত একটি স্মারকমাত্র। এটির পাশে স্টেশন স্থাপন হওয়াটা কোনো সমস্যা নয়। আর স্টেশনকে আবর্জনার ভাগাড় বলাটাও ঠিক নয়। এখানে আবর্জনা থাকবে ঠিকই, তবে সেটা একটি ঘরের মধ্যে অত্যাধুনিক পদ্ধতিতে।
আজাদুর রহমান বলেন, আসলে ঢাকার সাভার ছাড়া বাংলাদেশে আর কোথাও স্মৃতিসৌধ নেই।
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব বলেন, মানুষের প্রয়োজনেই স্টেশনটি স্থাপন করা হচ্ছে। স্টেশনটিকে কখনোই দৃষ্টিকটু মনে হবে না। স্মৃতিসৌধের পবিত্রতা বজায় রাখতে ঠিক উল্টো দিকে স্টেশনের রাস্তা রাখা হয়েছে।