স্মৃতিসৌধ ও বধ্যভূমি নির্মাণকাজ অর্থাভাবে বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুরে এখনো কোনো স্মৃতিসৌধ ও বধ্যভূমি নির্মিত হয়নি। একাধিকবার স্মৃতিসৌধ নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও অর্থ ও স্থানসংকটে তা বন্ধ রয়েছে। ফলে সৈয়দপুরে একাত্তরের মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের দোসরদের বর্বরতা ও নির্মম হত্যাযজ্ঞের চিহ্ন হারিয়ে যাচ্ছে।

এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, ২০০০ সালের ৯ অক্টোবর শহরের ওয়াপদা মোড়ের সড়কদ্বীপে শহীদদের স্মরণে ‘স্বাধীনতা শহীদ স্মৃতি ভাস্কর্য’ নামে ভিত্তিফলক উন্মোচন করা হয়। ভাস্কর হাবিবা সুলতানা বেলী সরকার এর নকশা তৈরি করেন। এর আগেও একবার স্মৃতিসৌধ নির্মাণের নকশা করা হয়েছিল। সে সময় নকশাটি করেছিলেন বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ টেলিভিশনের প্রধান শিল্প নির্দেশক জি এম এ রাজ্জাক। স্মৃতিসৌধটি নির্মাণে ব্যয় ধরা হয়েছিল প্রায় ৬০ লাখ টাকা। সর্বশেষ যে শহীদ ভাস্কর্য নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল, তাতে ব্যয় ধরা হয় ৪২ লাখ ৩৭ হাজার ৩৯৮ টাকা।

এ ছাড়া গোলাহাটে বধ্যভূমি ও ডাকবাংলো সড়কের বিপরীতে স্মৃতিস্তম্ভ নির্মাণকাজ শুরু করা হয় গত বছর। ইতিমধ্যে বধ্যভূমি স্মৃতিস্তম্ভ নির্মাণে নয় লাখ টাকা এবং স্মৃতিস্তম্ভ নির্মাণে মাটি ভরাট ও অন্যান্য কাজে প্রায় ১১ লাখ টাকা ব্যয় হলেও অর্থাভাবে দুটির কাজই বন্ধ হয়ে গেছে।

সৈয়দপুর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার একরামুল হক বলেন, সৈয়দপুরে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের দৃশ্যপট ছিল দেশের অন্যান্য শহরের তুলনায় ভিন্ন। ১৯৪৭ সালের দেশভাগের পর সৈয়দপুরে বিপুলসংখ্যক অবাঙালি (উর্দুভাষী) এসে আস্তানা গাড়ে। মুক্তিযুদ্ধে বাঙালিদের সংগঠিত করতে সে সময় নেতৃত্ব দেন তৎকালীন প্রাদেশিক পরিষদ সদস্য শহীদ জিকরুল হকসহ আরও অনেকে। পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালিদের আটকে রেখে বিমানবন্দরে মাটি কাটার কাজে লাগিয়ে দেয় এবং বাঙালিদের ওপর চরম জুলুম, নির্যাতন চালায়। সেখানে বাঙালিরা অবরুদ্ধ হয়ে পড়েন। সেদিন সৈয়দপুরের পাশের চিরিরবন্দর থানার আলোকডিহির ইউপি চেয়ারম্যান মাহতাব বেগ কয়েকটি আগ্নেয়াস্ত্রসহ ঝাঁপিয়ে পড়েন বাঙালিদের উদ্ধারে। কিন্তু শহরে ঢোকার সময় হানাদার বাহিনী মিস্ত্রিপাড়া এলাকায় তাঁকে গুলি করে হত্যা করে। তিনিই এ অঞ্চলের প্রথম শহীদ মুক্তিযোদ্ধা। এ ছাড়া এখানে পাকিস্তানি হানাদার ও তাদের এ দেশীয় দোসররা নির্মমভাবে হত্যা করে বিভিন্ন পেশার ও বয়সের মানুষকে। সৈয়দপুরে মুক্তিযুদ্ধে কতজন শহীদ হয়েছেন, তার সঠিক হিসাব না থাকলেও বিভিন্ন সূত্রমতে এ সংখ্যা চার হাজারের বেশি। শুধু একাত্তরের ১৩ জুন এক দিনেই পাকিস্তানি বাহিনী হিন্দু ও মাড়োয়ারি পরিবারের ৪৭৮ জনকে নির্মমভাবে হত্যা করে।

শহীদের সন্তান কাল্টু দাস বলেন, হিন্দু-মাড়োয়ারিদের ভারতে পৌঁছে দেওয়ার কথা বলে সৈয়দপুর রেলস্টেশনে একটি বিশেষ ট্রেনে তুলে শহরের অদূরে গোলাহাট এলাকায় নিয়ে যাওয়া হয়। পরে তাঁদের ট্রেন থেকে নামিয়ে হত্যা করা হয়। এ শহরে এমনও অনেক পরিবার রয়েছে, যাদের কোনো সদস্যকেই বাঁচতে দেওয়া হয়নি সেদিন। স্মৃতিসৌধ বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক সাখাওয়াৎ হোসেন বলেন, ‘স্থানসংকট এবং অর্থের অভাবে স্মৃতিসৌধ ও বধ্যভূমি নির্মাণের কাজ বন্ধ রয়েছে। বিষয়টি দেখার জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি।’

নীলফামারী-৪ আসনের সাংসদ ও বিরোধীদলীয় হুইপ শওকত চৌধুরী বলেন, শিগগিরই অর্থ বরাদ্দ করে এই দুটি প্রকল্পের কাজ শেষ করা হবে। তবে দুটি কাজই করা হবে সরকারি কর্মকর্তাদের দিয়ে। যত দ্রুত সম্ভব কাজ শেষ করে দৃশ্যমান কাজ হিসেবে জনগণের সামনে উপস্থাপন করা হবে।