স্মৃতিসৌধকে মঞ্চ বানিয়ে উদ্যানে চলছে খেলা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধে শহীদ স্মৃতিসৌধের বেদিতে রয়েছে শহীদদের নামের তালিকা। এটি ঢেকে সাঁটানো হয়েছে তিনটি ব্যানার। স্মৃতিসৌধের বেদিতে খেলার মঞ্চ বানাতে শামিয়ানা টানানো। সম্মুখভাগ জালবন্দী করে খেলার মাঠে রূপান্তর করা হয়েছে স্মৃতিসৌধের পুরো উদ্যান। সীমানাপ্রাচীরে বড় বড় অক্ষরে লেখা টুর্নামেন্টের নাম। চারদিকে নানা রঙের পতাকার আচ্ছাদনে সন্ধ্যার পরই উচ্চক্ষমতাসম্পন্ন আটটি লাইট জ্বালিয়ে শুরু হয় খেলা। চলে রাত ১০টা পর্যন্ত। স্মৃতিসৌধের ওপর খেলার মঞ্চে থাকেন অতিথিরা। সেখান থেকে ঘোষিত হয় খেলার ধারাবিবরণী।সিলেট নগরের টিলাগড় মোড় এলাকায় সিলেট এমসি কলেজের পার্শ্ববর্তী মুক্তিযুদ্ধে জেলার শহীদ স্মৃতিসৌধ এভাবেই ব্যবহার করা হচ্ছে নগর আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক ও সিলেট সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমানের নামে প্রবর্তিত ‘ফুটসাল টুর্নামেন্ট’। খেলার আয়োজক ‘টিলাগড় ক্লাব’ হলেও এতে আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা সম্পৃক্ত থাকায় গত ১০ ফেব্রুয়ারি থেকে স্মৃতিসৌধের এমন ব্যবহারে অনেকেই ক্ষুব্ধ হলেও মুখ খুলে কেউ কিছু বলছেন না।গত বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় স্মৃতিসৌধ এলাকায় গিয়ে দেখা গেছে, ৩৩তম খেলা চলছে। স্মৃতিসৌধের মঞ্চে ওই দিনের অতিথি জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক রঞ্জিত সরকারসহ নেতারা উপস্থিত রয়েছেন। তাঁদের সঙ্গে জনা পঞ্চাশেক দর্শকও স্মৃতিসৌধের মঞ্চে অবস্থান করছিলেন। মঞ্চ থেকে ঘোষকের ঘোষণার সঙ্গে সঙ্গে উদ্যানে শুরু হয় খেলা নিয়ে স্মৃতিসৌধের মঞ্চে উন্মাদনা। আয়োজকেরা জানান, এভাবে রাতের পালায় আরও অন্তত দুই সপ্তাহ চলবে খেলা। চ্যাম্পিয়ন ও রানার আপ দলকে ‘কাউন্সিলর আজাদ কাপ’সহ ‘প্রাইজমানি’ দেওয়া হবে। গত ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ টুর্নামেন্টের উদ্বোধন করেন সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান। সিলেট সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে ২০০৬ সালে সারা দেশের জেলা শহরগুলোতে শহীদ মুক্তিযোদ্ধাদের নামের তালিকাসংবলিত স্মৃতিসৌধ নির্মাণের উদ্যোগে টিলাগড় এলাকায় সিলেট এমসি কলেজের একাংশে ১১ লাখ ৩৯ হাজার টাকা ব্যয়ে স্মৃতিসৌধ নির্মিত হয়। কিন্তু শুরু থেকে এটি গর্তের মধ্যে থাকায় একধরনের অবহেলা ছিল। নির্মাণ প্রতিষ্ঠান গণপূর্ত অধিদপ্তর স্মৃতিসৌধের নির্মাণ ব্যয়ের বাইরে গর্ত ভরাটেও কোনো উদ্যোগ নেয়নি। সম্প্রতি সিটি করপোরেশনের উদ্যোগে স্মৃতিসৌধের গর্ত ভরাট করে গত ৬ ফেব্রুয়ারি স্মৃতিসৌধ উদ্যানের উদ্বোধন করা হয়। মেয়র কামরানের সঙ্গে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর হিসেবে আজাদুর রহমানও উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। স্থানীয়রা জানান, ফুটবল খেলার আদলে ‘ফুটসাল’ খেলা সিলেটে নতুন এবং এর আয়োজক স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর হওয়ায় এলাকাবাসী খুশি। তবে ভেন্যু হিসেবে শহীদ স্মৃতিসৌধের এমন ব্যবহারে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। শহীদ স্মৃতিসৌধটি নির্মাণের পরপরই অব্যবহূত অবস্থায় পড়ে ছিল। উদ্যানের অংশ ছিল গর্ত। সেখানে আশপাশ এলাকার ময়লা-আবর্জনা ফেলা হতো। স্থানীয় বাসিন্দা একজন শিক্ষার্থী বলেন, ‘সিটি করপোরেশনের উদ্যোগে স্মৃতিসৌধের গর্ত ভরাট করায় আমরা খুশি। কিন্তু ভরাটের পরপরই স্মৃতিসৌধের এমন ব্যবহার অনেককে হতবাক করেছে।’ ‘ফুটসাল টুর্নামেন্ট’ উদ্বোধক সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের সঙ্গে গতকাল শুক্রবার বিকেলে এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, ‘আমি উদ্বোধনের দিনই স্মৃতিসৌধ থেকে মঞ্চ সরিয়ে ফেলার কথা বলে এসেছিলাম। এখন পর্যন্ত সরানো হয়নি, এটি জানি না। আমি এখনই তাঁদের মঞ্চ সরাতে বলছি।’শহীদ মিনারেও তো নানা রকম অনুষ্ঠানাদি হয়, তাহলে এখানে অনুষ্ঠান করলে আপত্তি উঠবে কেন? এমন প্রশ্ন তুলে খেলার মঞ্চ রাখার পক্ষে নানা যুক্তি তুলে ধরেন আজাদুর রহমান। তবে মঞ্চ অপসারণ করতে গতকাল বিকেলেই মেয়রের নির্দেশ পাওয়ার কথা জানিয়ে তিনি প্রথম আলোকে বলেন, ‘স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছিল একটি গর্তের মধ্যে। আমি সেই গর্তে মাটি ভরাট করে এটিকে সুন্দর রূপ দিয়েছি। মূলত জায়গাটি অব্যবহূত থাকলেই নানা রকম অব্যবস্থাপনা দেখা দেয়; এ জন্যই খেলার আয়োজন করা হয়েছিল।’