স্মৃতিসৌধের পর মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় ভাঙা শুরু!
চুয়াডাঙ্গা বড়বাজার শহীদ হাসান চত্বরে অবস্থিত ‘মুক্তিযুদ্ধের প্রথম রাজধানী’ স্মৃতিসৌধটি গুঁড়িয়ে দেওয়ার পর এবার সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় ভেঙে ফেলার কাজ শুরু করেছে পৌরসভা কর্তৃপক্ষ। গতকাল শুক্রবার সকাল সাতটা থেকে পৌরসভার সংশ্লিষ্ট ঠিকাদারের শ্রমিকেরা কার্যালয় ভাঙার কাজ শুরু করেন।সদর উপজেলা ইউনিট কমান্ডার হাফিজুর রহমান মুক্তিযোদ্ধাদের চরম অসহায় দাবি করে বলেন, ‘সবকিছু দেখেও না দেখার ভান করতে হচ্ছে আমাদের, প্রতিবাদের ভাষাও ভুলে গেছি সবাই। স্বাধীনতার পর নিজেদের এতটা অসহায় মনে হয়নি কখনো!’চুয়াডাঙ্গা পৌরসভার উদ্যোগে শহরের শহীদ হাসান চত্বরে অবস্থিত জেলার একমাত্র স্মৃতিসৌধটি পূর্ণাঙ্গ রূপ পাওয়ার আগেই গত ১৬ এপ্রিল থেকে ভাঙার কাজ শুরু হয়। মুক্তিযোদ্ধাদের প্রাণের এই নিদর্শন ভেঙে ফেলার কারণে মনের ক্ষত শুকানোর আগেই গতকাল সকাল থেকে শ্রমিকেরা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় ভাঙার কাজ শুরু করেছেন।ভাঙার কাজে নিয়োজিত শ্রমিকেরা জানান, তাঁরা ঠিকাদারের সঙ্গে চুক্তি করে দিনে ২০০ টাকা হাজিরায় কাজ করছেন। সেখানে উপস্থিত ঠিকাদারের সহকারী মনিরুজ্জামান জানান, ঠিকাদার জাহাঙ্গীর আলম স্মৃতিসৌধ ও সংসদ কার্যালয় ভাঙার দায়িত্ব পেয়েছেন পৌরসভা থেকে। মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় ভাঙার সময় স্থানীয় কয়েকজন মুক্তিযোদ্ধাকে দূর থেকে অসহায়ের মতো তাকিয়ে থাকতে দেখা গেছে। সদর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার হাফিজুর রহমান বলেন, ‘মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়টি রাখার জন্য এমপি সাহেব (সাংসদ সোলায়মান হক জোয়ার্দ্দার) ও মেয়র সাহেবকে (রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার) বারবার মৌখিক ও লিখিত অনুরোধ করেছি। কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলেও লিখিত জানিয়েছি। কিন্তু কেউই আমাদের কথা শোনেননি। আমাদের অভিযোগ শোনার মতো কেউ নেই।’চেষ্টা করেও পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দারের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। এর আগে তিনি প্রথম আলোকে বলেছিলেন, ‘কোনো রাজনৈতিক বিবেচনায় নয়, পরিকল্পিত নগর গড়তেই এই স্মৃতিসৌধ ও মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় ভেঙে ফেলা হচ্ছে। স্মৃতিসৌধের জায়গায় মুক্তমঞ্চ তৈরি করা হবে, যাতে রাস্তা দখল করে কোনো দল বা গোষ্ঠীকে সভা-সমাবেশ করতে না হয়। শিগগিরই প্রায় ৫০ লাখ টাকায় শহীদ হাসান চত্বরেই দৃষ্টিনন্দন ভাস্কর্য স্থাপন করা হবে এবং সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের বিষয়েও একটি ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হবে।’