স্মৃতিসৌধের প্রতিকৃতি আলোকচিত্রের প্রদর্শনী
স্বাধীনতা দিবসের ইতিহাস ও তাৎপর্য স্থানীয় শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে তরুণ শিল্পী নাজমুল ইসলাম আয়োজন করেছেন ২০০ স্মৃতিসৌধের প্রতিকৃতি ও ৩০০ আলোকচিত্রের প্রদর্শনী। নাটোরের বড়াইগ্রামের বনপাড়া মডেল উচ্চবিদ্যালয় মিলনায়তনে গত রবি ও সোমবার দুই দিনব্যাপী এ প্রদর্শনী হয়। সাবেক প্রতিমন্ত্রী সাংসদ মো. আবদুল কুদ্দুস এর উদ্বোধন করেন।
প্রদর্শনস্থল ঘুরে দেখা যায়, দেশের বিভিন্ন স্থানের ১৩২টি মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ, ৯টি বুদ্ধিজীবী গণকবর, সাত বীরশ্রেষ্ঠ শহীদের স্মৃতিস্তম্ভসহ ৫৮টি ভাষাশহীদ মিনারের প্রতিকৃতি টুথপিকের কাঠি দিয়ে নির্মাণ করে তা একই ক্যানভাসে ফুটিয়ে তুলেছেন শিল্পী নাজমুল। একই সঙ্গে মিলনায়তনের দেয়ালে মুক্তিযুদ্ধ-পূর্ব, মুক্তিযুদ্ধের সময় ও মুক্তিযুদ্ধ-পরবর্তী ৩০০ আলোকচিত্র প্রদর্শিত হয়।
নাজমুল উপজেলার বনপাড়া পৌর শহরের মোসলেম উদ্দিনের ছেলে। তাঁর বাবা একজন মুক্তিযোদ্ধা। নাজমুল বলেন, বাবার কাছে গল্প শুনে ছোটবেলা থেকে তিনি মুক্তিযুদ্ধের নানা বিষয়ে অনুপ্রেরণা পান। তাই তিনি মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণে মনোনিবেশ করেন। তিনি সহজলভ্য টুথপিক দিয়ে শহীদ স্মৃতিস্তম্ভ, শহীদ মিনার ও গণকবরের প্রতিকৃতি নির্মাণের উদ্যোগ নেন। ১০ বছর ধরে তিনি দেশের বিভিন্ন প্রান্তের শহীদ স্মৃতিস্তম্ভ, শহীদ মিনার ও গণকবর ঘুরে দেখেন। তিনি খুদে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে নানা ধরনের শহীদ স্মৃতিস্তম্ভ, শহীদ মিনার ও গণকবরের ধারণা দিতে এ প্রদর্শনীর আয়োজন করেন। পাশাপাশি মুক্তিযুদ্ধের দুর্লভ ছবি সংগ্রহ করে তা তিনি সংরক্ষণ করেছেন। এসব ছবি তাঁর প্রদর্শনীতে স্থান পেয়েছে।
সাংসদ কুদ্দুস বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশ ‘এক ও অভিন্ন শব্দ’, তা এই প্রদর্শনীতে আসা দর্শক সহজেই বুঝতে পারবেন।