সিলেটে আলোচিত শিশু শেখ সামিউল আলম রাজন (১৪) হত্যাকাণ্ডের পর দাবি উঠেছিল তার একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের। রাজনের পরিবার ও এলাকাবাসীর সেই দাবি পূরণ হতে চলেছে।
হত্যার ঘটনার পর রাজনের বাবা-মাকে সান্ত্বনা দিতে বাড়িতে ছুটে যান সিলেট-হবিগঞ্জের সংরক্ষিত আসনের সাংসদ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। এ সময় রাজনের স্মৃতি ধরে রাখতে পরিবার ও এলাকাবাসী একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি তোলেন। এ দাবি পূরণের প্রতিশ্রুতি দেন সাংসদ।
পরে সিলেট জেলা পরিষদের মাধ্যমে দুই লাখ টাকা ব্যয়ে স্মৃতিস্তম্ভ নির্মাণে সরকারি বরাদ্দ হয়। গতকাল শনিবার বিকেলে সাংসদ কেয়া চৌধুরী রাজনের বাড়িতে যান। এ সময় তিনি স্মৃতিস্তম্ভ নির্মাণসংক্রান্ত সাংসদের কার্যাদেশপত্র (ডিও লেটার) রাজনের মা লুবনা আক্তারের হাতে তুলে দেন।
এ প্রসঙ্গে সাংসদ কেয়া বলেন, সরকারের কাছে দাবি ছিল, রাজন হত্যার বিচার যেন দ্রুত হয়। সেটি হচ্ছে। স্মৃতিস্তম্ভ নির্মাণও সরকারের দাবি বাস্তবায়নের প্রতিফলন। সমাজে এ রকম ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সরকারি বরাদ্দে এই স্মৃতিস্তম্ভ নির্মিত হবে।
উপস্থিত গ্রামবাসী স্মৃতিস্তম্ভটি সিলেট-সুনামগঞ্জ সড়কের তেমুখী চত্বরের পাশে কোনো এক জায়গায় নির্মাণের দাবি জানান। তখন সাংসদ বলেন, তিনি প্রশাসনের সঙ্গে আলাপ করে এর ব্যবস্থা করবেন।
জালালাবাদ থানা এলাকার বাদেয়ালি গ্রামের শিশু রাজন পেশায় সবজি বিক্রেতা ছিল। গত ৮ জুলাই চুরির অপবাদে সিলেট-সুনামগঞ্জ সড়কের কুমারগাঁও বাসস্ট্যান্ডসংলগ্ন শেখপাড়ায় তাকে নিষ্ঠুরভাবে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় করা হত্যা মামলাটি এখন সিলেট মহানগর দায়রা জজ আদালতে বিচারাধীন।