স্মৃতিস্তম্ভ 'অন্তিম' উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন গতকাল মিরসরাইতে স্মৃতিফলক অন্তিমের উদ্বোধন করেন l ছবি: প্রথম আলো
গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন গতকাল মিরসরাইতে স্মৃতিফলক অন্তিমের উদ্বোধন করেন l ছবি: প্রথম আলো

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৫ জনের স্মরণে দুর্ঘটনাস্থলে নির্মিত স্মৃতিস্তম্ভ ‘অন্তিম’-এর উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বড়তাকিয়া-আবুতোরাব সড়কের সৈদালী এলাকায় নির্মিত এই স্মৃতিস্তম্ভের উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন।
২০১১ সালের ১১ জুলাই ফুটবল খেলা শেষে মিরসরাই সদর থেকে বাড়ি ফেরার পথে সৈদালী এলাকায় সড়ক দুর্ঘটনায় ৪৩ শিক্ষার্থীসহ ৪৫ জন নিহত হয়। ওই বছর আবুতোরাব উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে নির্মাণ করা হয় স্মৃতিস্তম্ভ ‘আবেগ’। গত বছরের ১০ জুলাই স্মৃতিস্তম্ভ ‘অন্তিম’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মন্ত্রী মোশাররফ হোসেন।
স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আতাউর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম, সহসভাপতি জিতেন্দ্র প্রসাদ নাথ, যুগ্ম সম্পাদক জসীম উদ্দিন, মিরসরাই কলেজের অধ্যক্ষ নুরুল আবছার, আবুতোরাব উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর সাদেক। অনুষ্ঠান সঞ্চালনা করেন মায়ানী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কবির নিজামী।
স্মৃতিস্তম্ভ ‘অন্তিম’-এর নকশা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষক সাইফুল কবির। গত বছরের নভেম্বরে স্মৃতিস্তম্ভটির নির্মাণকাজ শুরু হয়।
মায়ানীর ইউপি চেয়ারম্যান কবির নিজামী বলেন, ৩৫ লাখ টাকা ব্যয়ে এই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে।