স্মৃতিস্তম্ভে ঠাঁই পায়নি আট শহীদের নাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরহাদ উদ দৌল্লা ও খন্দকার এহসানুল হক আনসারী। মুক্তিযুদ্ধ চলাকালে দুজনই ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র। স্বাধীনতার জন্য দুজনই মহান মুক্তিযুদ্ধে নিজেদের জীবন উৎসর্গ করেছেন।মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের স্মরণে ২০০৯ সালে স্মৃতিস্তম্ভ ‘স্মরণ’ নির্মাণ করে কর্তৃপক্ষ।এ স্মৃতিস্তম্ভের নামফলকে শহীদ ফরহাদ উদ দৌল্লার নাম স্থান পেলেও ঠাঁই হয়নি খন্দকার এহসানুল হক আনসারীর। শুধু আনসারী নন, এ রকম আরও সাত শহীদের ঠাঁই হয়নি স্মৃতিস্তম্ভের নামফলকে।তাঁরা হলেন তৎকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক অবনী মোহন দত্ত, রাজনীতি বিজ্ঞান বিভাগের ছাত্র আবুল মনসুর, বাংলা বিভাগের মোহাম্মদ হোসেন, মনিরুল ইসলাম খোকা ও মোস্তফা কামাল, অর্থনীতি বিভাগের ছাত্র আবদুল মান্নান খান ও ইংরেজি বিভাগের ছাত্র আশুতোষ চক্রবর্তী।এদিকে স্মৃতিস্তম্ভ নির্মাণের পর থেকেই বিশ্ববিদ্যালয় পরিবারের সব শহীদের নাম নামফলকে অন্তর্ভুক্তির দাবি জানিয়ে আসছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। কিন্তু গত দুই বছরেও তাঁদের দাবি পূরণ করা হয়নি।বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রকাশনা ও নথিপত্র ঘেঁটে দেখা যায়, মুক্তিযুদ্ধে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৫ জন শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থী শহীদ হন। তাঁদের মধ্যে সাতজনের নাম ঠাঁই পেয়েছে স্মৃতিস্তম্ভের নামফলকে।মুক্তিযুদ্ধের প্রায় ৩৭ বছর পর ২০০৯ সালে শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তৎকালীন উপাচার্য প্রয়াত অধ্যাপক আবু ইউসুফ এ স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নেন। আর এ স্মৃতিস্তম্ভের নকশা করেন বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষক সাইফুল কবির।স্মৃতিস্তম্ভে সব শহীদের নাম উল্লেখ না করে কর্তৃপক্ষ তাঁদের প্রতি অবমাননা করেছেন উল্লেখ করে শহীদ খন্দকার এহসানুল হক আনসারীর বোন বেগম মুশতারী শফি বলেন, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমার কাছ থেকে ভাইয়ের ছবি ও ঠিকানা নিয়ে গেছে অনেক আগে। এ ছাড়া সব শহীদের পূর্ণাঙ্গ তথ্য বিশ্ববিদ্যালয়ের আর্কাইভে রয়েছে।’এ বিষয়ে জানতে চাইলে আলাওল হলের প্রাধ্যক্ষ ও লোক প্রশাসন বিভাগের শিক্ষক হোসাইন কবির বলেন, আট শহীদের নাম উল্লেখ না করায় স্মৃতিস্তম্ভের পূর্ণাঙ্গতা পায়নি। শহীদদের ছবি পাওয়া না গেলে তাঁদের নাম সেখানে উল্লেখ করা উচিত।যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. সফিউল আলম বলেন, ‘মুক্তিযুদ্ধে বিশ্ববিদ্যালয়ের আরও কেউ শহীদ হয়ে থাকলে যাচাই-বাছাই করে তাঁদের নাম স্মৃতিফলকে উল্লেখ করা যেতে পারে।’