
মিরসরাই ট্র্যাজেডির ষষ্ঠ বর্ষপূর্তি ছিল গতকাল বুধবার। নিহতদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে মিরসরাইয়ের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের সদস্যসহ সর্বস্তরের মানুষ ফুল দিয়ে এবং কালো ব্যাজ ধারণ করে নিহতদের স্মরণ করেন। বিভিন্ন প্রতিষ্ঠান কালো পতাকা উত্তোলন করে। পরিবারের সদস্য, বন্ধু-স্বজন স্মরণ করলেন তাঁদের অকালে হারিয়ে যাওয়া প্রিয় মানুষগুলোকে। আবু তোরাব উচ্চবিদ্যালয় সকাল আটটা থেকে প্রার্থনানুষ্ঠান, শোক র্যালি, আলোচনা সভাসহ নানা কর্মসূচির আয়োজন করে।
২০১১ সালের ১১ জুলাই মিরসরাইয়ে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের খেলা শেষে বাড়ি ফেরার পথে একটি মিনি ট্রাক উল্টে নিহত হয় ৪২ স্কুলছাত্রসহ মোট ৪৪ জন। এর মধ্যে আবু তোরাব উচ্চবিদ্যালয়েরই ৩৪ জন ছাত্র ছিল।
আবু তোরাব উচ্চবিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মুহাম্মদ আজম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা বারবার হারিয়ে গেছেন সেই বিষাদময় দিনে। শিক্ষক বলেছেন ছাত্র হারানোর কষ্টের কথা, বন্ধু বলেছে বন্ধু হারানোর কী দুঃখ। সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. মো. ইসমাইল খান, মিরসরাই উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াসমিন শাহীন কাকলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়া আহম্মদ সুমন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আতাউর রহমান, মায়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির আহম্মদ নিজামী, আবু তোরাব উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর সাদেক প্রমুখ।
সভায় বক্তারা বলেন, স্মৃতিস্তম্ভে সর্বস্তরের মানুষের উপস্থিতিই জানান দেয় এই কষ্ট কারও একার নয়, ১১ জুলাইয়ের ঘটনা পুরো জাতিকে নাড়া দিয়ে গেছে। একসঙ্গে এতগুলো মায়ের কোল খালি হওয়ার এই দুঃসহ স্মৃতি কোনো দিন ভোলার নয়। মিরসরাইবাসীর মনে এই স্মৃতি দাগ কেটে গেছে। ভবিষ্যতে যাতে আর কোনো মায়ের কোল এভাবে খালি না হয় সেদিকে সবাইকে সজাগ ও সতর্ক দৃষ্টি রাখতে হবে।