
আবুতোরাব স্কুল প্রাঙ্গণে স্থাপিত স্মৃতিস্তম্ভ ‘আবেগ’-এর বেদি ছেয়ে গেছে ফুলে ফুলে। ফুল দিতে যাঁরা এসেছেন, তাঁদের কেউ কেঁদেছেন, কারও ছিল চাপা কান্না। চট্টগ্রামের মিরসরাই ট্র্যাজেডির পঞ্চম বার্ষিকী ছিল গতকাল সোমবার।
পাঁচ বছর আগে ২০১১ সালের ১১ জুলাই মিরসরাইয়ের বড়তাকিয়া-আবুতোরাব সড়কের সৈদালী এলাকায় ট্রাক রাস্তার পাশের ডোবায় পড়ে ৪২ শিক্ষার্থীসহ ৪৪ জন নিহত হয়। ছাত্ররা খেলা দেখে ওই ট্রাকে করে বাড়ি ফিরছিল। ওই ঘটনায় শুধু আবুতোরাব উচ্চবিদ্যালয়েরই ৩৪ শিক্ষার্থী মারা যায়।
দুর্ঘটনাস্থলে স্থাপিত স্মৃতিস্তম্ভ ‘অন্তিম’-এ ফুল দিয়ে নিহত শিক্ষার্থীদের স্মরণ করেছেন এলাকাবাসী। বিদ্যালয় কর্তৃপক্ষ আয়োজন করে কোরআনখানি, মিলাদ ও সভার। পোর্ট সিটি ইউনিভার্সিটির উপাচার্য নূরল আনোয়ার সভায় প্রধান অতিথি ছিলেন। তিনি বলেন, ‘ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় না নামাতে মালিকদের অনুরোধ করছি।’ একই সঙ্গে প্রশিক্ষণ ছাড়া কোনো চালক ও চালকের সহকারীকে নিয়োগ না দিতেও গাড়ির মালিকদের প্রতি আহ্বান জানান।
সভায় শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশে উপাচার্য বলেন, ঝুঁকি নিয়ে কেউ যাতে গাড়ির অতিরিক্ত যাত্রী না হন। ট্রাফিক আইন মেনে চলারও পরামর্শ দেন তিনি। একই সঙ্গে ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে সরকারের প্রতি দাবি জানান।
নিহত শিক্ষার্থীদের স্মরণে স্মৃতিস্তম্ভ ‘আবেগ’-এ পুষ্পস্তবক অর্পণ করেন মিরসরাইয়ের ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান ইয়াসমিন শাহীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আতাউর রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন, আবুতোরাব উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর সাদিক, মায়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির আহম্মদ নিজামীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এ ছাড়া স্মৃতিস্তম্ভ ‘অন্তিম’-এ ফুল দিয়ে শিক্ষার্থীদের স্মরণ করেন মিরসরাই উপজেলা চেয়ারম্যান (সাময়িক বরখাস্ত) নুরুল আমিন। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও ফুল দিয়ে শিক্ষার্থীদের স্মরণ করা হয়।