স্যাঁতসেঁতে দেয়াল, নষ্ট হচ্ছে বই, নেই জনবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় খুলনা নগরের বয়রায় অবস্থিত সরকারি গ্রন্থাগারটির অবস্থা এখন বেহাল l ছবি: প্রথম আলো
দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় খুলনা নগরের বয়রায় অবস্থিত সরকারি গ্রন্থাগারটির অবস্থা এখন বেহাল l ছবি: প্রথম আলো

খুলনা বিভাগীয় সরকারি গ্রন্থাগার ভবনটি জরাজীর্ণ হয়ে পড়েছে। বৃষ্টি হলে ভবনের ছাদ চুইয়ে পানি পড়ে। ভবনের ভেতরের দেয়ালগুলো স্যাঁতসেঁতে হয়ে পড়েছে। ফলে নষ্ট হচ্ছে গ্রন্থাগারের বইগুলো। পাশাপাশি লোকবলসংকটের কারণে বই যথাযথভাবে সংরক্ষণ করা হচ্ছে না। এতে করে কাঙ্ক্ষিত বই না পেয়ে অনেক পাঠককে ফিরে যেতে হচ্ছে।
গ্রন্থাগার সূত্রে জানা গেছে, ১৯৬৪ সালে একটি দোতলা ভবনে প্রায় আড়াই একর জমির ওপর গ্রন্থাগারটির কার্যক্রম শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে সরকারি ব্রজলাল (বিএল) কলেজ, বয়রা মহিলা কলেজ, আজম খান কমার্স কলেজ, এমএম সিটি কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সব শ্রেণি-পেশার মানুষ গণগ্রন্থাগারটি পড়াশোনার জন্য ব্যবহার করে আসছেন। গ্রন্থাগারটির আওতায় ১০টি জেলা সরকারি গ্রন্থাগারের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালিত হয়। বর্তমানে অবকাঠামো এবং জনবলসংকটসহ নানা সমস্যার শিকার গ্রন্থাগারটি। এখানে ১৮ জনের জনবলকাঠামো রয়েছে। কিন্তু কর্মরত আছেন ১৪ জন। লাইব্রেরিয়ানের একটি পদ, রিডিং হল সহকারীর একটি পদ এবং নৈশপ্রহরী ও মালির একটি করে পদ শূন্য রয়েছে। একটিমাত্র ফটোস্ট্যাট মেশিন, সেটিও অকেজো পড়ে আছে।
সরেজমিনে দেখা গেছে, ভবনটির দেয়াল স্যাঁতসেঁতে হয়ে পড়েছে। গ্রন্থাগারের মধ্যে রাখা বইগুলোর অবস্থা অত্যন্ত খারাপ। ধুলা জমে রয়েছে বইগুলোর ওপর। অধিকাংশ চেয়ার-টেবিলগুলো ফাঁকা পড়ে রয়েছে। দোতলায় গিয়ে দেখা গেছে, সেখানে নতুন বইয়ের স্তূপ। কিন্তু ক্যাটালগ তৈরি না হওয়া বইগুলো জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়নি।
গ্রন্থাগারটিতে কথা হয় বয়রা সরকারি মহিলা কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ছাত্রী ফরিদা আকতারের সঙ্গে। তিনি বলেন, রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের একটি বইয়ের খুব প্রয়োজন ছিল তাঁর। কিন্তু তিনি বইটি পাননি। বিএল কলেজের চতুর্থ বর্ষের ছাত্র আল-আমিন শেখ বলেন, ‘দিন দিন সিলেবাস পরিবর্তন হচ্ছে। কিন্তু সেই বইগুলো আমরা পাচ্ছি না। আমাদের সব বই কিনে পড়া সম্ভব নয়। তাই এখানে আসি। কিন্তু তেমন কোনো উপকার পাই না।’
গণগ্রন্থাগারের কয়েকজন কর্মচারী বলেন, গ্রন্থাগারের মূল সমস্যা হলো জনবলসংকট। ক্যাটালগারের পদ না থাকায় নতুন যে বইগুলো আসে, সেগুলো পাঠকদের জন্য উন্মুক্ত করা সম্ভব হয় না।
গ্রন্থাগারের উপপরিচালক হরেন্দ্রনাথ বসু প্রথম আলোকে বলেন, ‘প্রয়োজনীয় জনবলের অভাবে কাজ করতে খুব সমস্যা হচ্ছে। অবকাঠামোও বেশ দুর্বল। আমরা প্রতি মাসের রিপোর্টের সঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এসব সমস্যার কথা জানাই। কিন্তু কোনো কাজ হচ্ছে না।’ তিনি বলেন, প্রতিবছর গ্রন্থাগারের সংস্কারকাজের জন্য যে পরিমাণ টাকা বরাদ্দ করা হয়, তা প্রয়োজনের তুলনায় খুবই কম। তাঁরা গণপূর্ত অধিদপ্তরকে বলেছেন নতুন করে ভবন তৈরি করার জন্য একটি প্রকল্প হাতে নিতে।