স্যানিটেশন ও সুপেয় পানি ব্যবহারে বাংলাদেশের সাফল্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের মাত্র ৩ শতাংশ মানুষ এখন খোলা জায়গায় মল ত্যাগ করে। সুপেয় পানি পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশ জাতিসংঘ-ঘোষিত সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যও (এমডিজি) অর্জন করেছে। এসব অগ্রগতির চিত্র ফুটে উঠেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও জাতিসংঘের শিশু তহবিলের (ইউনিসেফ) যৌথ প্রতিবেদনে। গত বৃহস্পতিবার জেনেভায় ‘সুপেয় পানি ও স্যানিটেশনে অগ্রগতি ২০১৪’ শীর্ষক এই প্রতিবেদনটি প্রকাশিত হয়। প্রতিবেদনটি জয়েন্ট মনিটরিং প্রোগ্রাম (জেএমপি) নামেও পরিচিত।
পানি ও স্যানিটেশনের সঙ্গে সংশ্লিষ্ট বিশ্বের পেশাজীবী এবং সংস্থাগুলোর কাছে পানি সরবরাহ ও স্যানিটেশন প্রাপ্তি নিয়ে জেএমপির মানদণ্ড সবচেয়ে গ্রহণযোগ্য। প্রতি দুই বছর পর পর পানি ও স্যানিটেশন নিয়ে এই জরিপের ফলাফল প্রকাশ করা হয়। তবে প্রতিবেদনে বলা হয়, পৃথিবীর অনেক মানুষ এখনো পানি ও উন্নত স্যানিটেশন-সুবিধা পায় না। ডব্লিউএইচওর জনস্বাস্থ্য ও পরিবেশবিষয়ক পরিচালক মারিয়া নেইরা বলেন, ‘যারা এই দুই সুবিধা থেকে বঞ্চিত, তাদের বেশির ভাগ থাকে গ্রামে। গ্রামে সাধারণত অবস্থাসম্পন্নরাই এই দুই সুযোগ পেয়ে থাকে। ফলে অসাম্য আরও বাড়ে।’
তবে বাংলাদেশ এই দুই ক্ষেত্রে এক ব্যতিক্রম। বাংলাদেশে শহরের ৮৬ শতাংশ মানুষ সুপেয় পানি পায়, গ্রামে এই সংখ্যা ৮৪ শতাংশ।
বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন খোলা জায়গায় মলত্যাগের অভ্যাস বন্ধ করার ক্ষেত্রে।
নব্বইয়ের দশকে খোলা জায়গায় মলত্যাগের হার ২৫ শতাংশ বা এর বেশি ছিল, এমন দেশগুলোর মধ্যে যারা সাফল্য অর্জন করেছে, তেমন প্রথম ১০টি দেশের তালিকা প্রকাশ করা হয়েছে প্রতিবেদনে। এর মধ্যে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। প্রথম স্থানে আছে ভিয়েতনাম। দেশটিতে এখন খোলা জায়গায় মলত্যাগের হার ২ শতাংশ।
পার্শ্ববর্তী দেশ ভারতে প্রায় ৫৭ কোটি মানুষ খোলা জায়গায় মল ত্যাগ করে। এই হার পৃথিবীতে সর্বোচ্চ।
ইউনিসেফের পরিসংখ্যানবিদ রালফ লুয়েনজিক বলেন, প্রতিবেশী বাংলাদেশের সাফল্যের সঙ্গে এই চিত্র বেমানান। সত্তরের দশক থেকে বাংলাদেশ পানিবাহিত রোগ বন্ধে ব্যাপক সাফল্য দেখিয়েছে। বাংলাদেশের উন্নত কৌশলের ফলেই এটি সম্ভব হয়েছে।
তবে স্যানিটেশনের ক্ষেত্রে এই অগগতি থাকলেও তা কিন্তু জাতিসংঘ-ঘোষিত এমডিজি অর্জনের পথে নেই। এর কারণ হলো, এমডিজির লক্ষ্য হলো, ২০১৫ সালের মধ্যে ৬৯ দশমিক পাঁচ শতাংশ লোক উন্নত স্যানিটেশন-সুবিধা পাবে। জাতিসংঘের এই প্রতিবেদনে বলা হচ্ছে, এখন উন্নত স্যানিটেশনের সুবিধা পায় ৫৭ শতাংশ মানুষ। আর এক বছরে এ লক্ষ্য পূরণ সম্ভব নয়।
প্রতিবেদনটি নিয়ে আন্তর্জাতিক প্রতিষ্ঠান ওয়াটার এইডের বাংলাদেশপ্রধান খায়রুল হক বলেন, ‘প্রতিবেদনটি আমাদের জন্য বেশ উৎসাহব্যঞ্জক। তবে এর আগের প্রতিবেদনে ১৯৯০ সালের যেসব উপাত্ত ব্যবহার করা হয়েছিল, বর্তমান প্রতিবেদনে তা পরিমার্জন করা হয়েছে। এটা কীভাবে করা হলো, তা নিয়ে কোনো সুস্পষ্ট ব্যাখ্যা প্রতিবেদনে নেই।’