স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন ব্যবহার করে না মাত্র ১ শতাংশ মানুষ
স্যানিটেশনে বাংলাদেশের বিস্ময়কর সাফল্য
মাত্র ১৫ বছরের মধ্যে স্যানিটেশনে বিস্ময়কর সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। ২০০০ সালে দেশের ৩৩ শতাংশ মানুষ খোলা জায়গায় মল ত্যাগ করত। বর্তমানে তা ১ শতাংশে নেমে এসেছে। আগামী জানুয়ারিতে ঢাকায় সার্কভুক্ত দেশগুলোর মন্ত্রী পর্যায়ের স্যানিটেশন-বিষয়ক সম্মেলনে (স্যাকোসান) খোলা জায়গায় মল ত্যাগমুক্ত দেশ হিসেবে বাংলাদেশের নাম ঘোষণা করা হবে।
এই ভূখণ্ডে স্যানিটেশন কার্যক্রম শুরু হয়েছিল ষাটের দশকে সরকারি উদ্যোগে। কিন্তু তাতে সাফল্য ছিল সামান্যই। কারণ, সেই উদ্যোগের প্রধান কার্যক্রম ছিল গ্রামাঞ্চলে, সরকারি ব্যয়ে স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন করে দেওয়া। তার সঙ্গে মানুষের অংশগ্রহণ না থাকায় অভ্যাসও পরিবর্তন হয়েছে কম লোকেরই।
পরে ১৯৯৯ সালে এক সমীক্ষা চালিয়ে দেখা যায়, স্যানিটেশন কার্যক্রমে মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা গেলে সাফল্য আসতে পারে। ওই সমীক্ষার ভিত্তিতে সরকারি-বেসরকারি উদ্যোগে শুরু করা হয় ‘কমিউনিটি লেড টোটাল স্যানিটেশন’ (সিএলটিএস) কার্যক্রম। এই কার্যক্রমে একেকটি গ্রাম বা পাড়া-মহল্লার বাসিন্দাদের একত্র করে সম্মিলিতভাবে স্যানিটেশনের দীক্ষা দেওয়া হয়। তাতে স্যানিটেশনের ব্যয়ও গ্রামবাসীই বহন করে। হতদরিদ্র কিছু মানুষের জন্য সরকারি-বেসরকারি সহায়তা দেওয়া হয়। তাতেই আসে সাফল্য।
এই সাফল্যের বিষয়গুলো উঠে এসেছে একাধিক সমীক্ষায়। এসব সমীক্ষা প্রতিবেদন প্রকাশ করা হবে আজ শনিবার থেকে শুরু হওয়া দুদিনের সেমিনারে। ঢাকার একটি হোটেলে সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে আজ সকাল নয়টায় এই সেমিনার শুরু হবে।
সিএলটিএসের উদ্যোক্তা হিসেবে দেশের সরকারি-বেসরকারি খাতে সংশ্লিষ্ট কর্মকর্তারা যাঁর নাম উল্লেখ করেন, তিনি কমল কর। এ দেশে কর্মরত আন্তর্জাতিক এনজিও ওয়াটারএইডের পরামর্শক হিসেবে ভারতীয় এই বিশেষজ্ঞ ১৯৯৯ সালে এখানে এসে ওই সমীক্ষা চালান।
গতকাল শুক্রবার সন্ধ্যায় যোগাযোগ করা হলে কমল কর টেলিফোনে প্রথম আলোকে বলেন, বাংলাদেশের সরকার, এনজিও এবং সর্বোপরি গণমানুষের অংশগ্রহণে সিএলটিএস সফল হয়েছে। শুধু তা-ই নয়, বর্তমানে পৃথিবীর ৬৭টি দেশে এই মডেল চলছে। আফ্রিকার অনেক দেশ এই মডেল অনুসরণ করে দ্রুত সাফল্য পাচ্ছে।
বাংলাদেশের পাশাপাশি সার্কভুক্ত দেশগুলোর অবস্থা জানতে চাইলে তিনি বলেন, খোলা জায়গায় মল ত্যাগের ক্ষেত্রে বাংলাদেশের চেয়ে এ অঞ্চলের কোনো দেশই এগিয়ে নেই। সবচেয়ে খারাপ অবস্থা ভারতের। ভারত এখন খোলা জায়গায় মল ত্যাগের দিক দিয়ে বিশ্বে ১ নম্বর স্থানে রয়েছে। অথচ ভারতে এই খাতে প্রচুর অর্থ ব্যয় করা হচ্ছে। এ থেকে বোঝা যায়, অর্থ সবকিছুই করতে পারে না। সরকারের অঙ্গীকারের পাশাপাশি একটি জুতসই মডেল অনুসরণ গুরুত্বপূর্ণ, যা মানুষের অভ্যাস বদলে দিতে পারে।
স্যানিটেশনের ক্ষেত্রে বাংলাদেশের পরবর্তী ধাপ বা করণীয় সম্পর্কে কমল কর বলেন, বাংলাদেশকে এখন উন্নত ল্যাট্রিনের দিকে যেতে হবে। খোলা জায়গায় মল ত্যাগ বন্ধ হলেও এখানকার অনেক ল্যাট্রিন, বিশেষ করে গ্রামাঞ্চলে অস্বাস্থ্যকর। এগুলো উন্নত করতে হবে। মানুষকে একটি ধারণা দিতে হবে যে স্যানিটেশন মানে শুধু খোলা জায়গায় মল ত্যাগ বন্ধ করা নয়, আরও অনেক বেশি কিছু।
আজ শুরু হওয়া সেমিনারে যে সমীক্ষা প্রতিবেদনগুলো উপস্থাপন করা হবে, তাতেও ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন ২০১৫ উদ্ধৃত করে বলা হয়েছে, দেশের প্রায় ৩৪ শতাংশ লোক এখন পর্যন্ত অস্বাস্থ্যকর ল্যাট্রিন ব্যবহার করে। এগুলো স্বাস্থ্যসম্মত করতে হবে। এ ছাড়া আরেকটি বড় সমস্যা হচ্ছে মানববর্জ্য ব্যবস্থাপনা। বর্তমানে গ্রামাঞ্চলে যে ল্যাট্রিনগুলো ব্যবহার করা হয়, তা অল্প দিনের মধ্যেই বর্জ্যে ভরে যায়। সেগুলো খোলা জায়গা বা নদী-জলাশয়ে ফেলা হলে খোলা জায়গায় মল ত্যাগেরই সমার্থক হবে। কাজেই এসব বর্জ্য দিয়ে সার, বায়োগ্যাস উৎপাদন প্রভৃতি বিষয় চালু করতে হবে। দেশের অঞ্চলভেদে ল্যাট্রিনের প্রযুক্তিও বিভিন্ন করতে হবে বলে সমীক্ষা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। যেমন বন্যাপ্রবণ এলাকা আর উঁচু-শুকনা এলাকায় একই প্রযুক্তির ল্যাট্রিন চলবে না। এসব বিষয় বাংলাদেশের স্যানিটেশন-ব্যবস্থার পরবর্তী ধাপের চ্যালেঞ্জ।
ওয়াটারএইডের দেশীয় প্রতিনিধি খায়রুল ইসলাম এ বিষয়ে প্রথম আলোকে বলেন, উন্নয়নের ধারায় প্রতিটি সাফল্য একটি করে নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করে। এই চ্যালেঞ্জ মোকাবিলা করেই উন্নয়ন কার্যক্রম অগ্রসর হয়। এ দেশেও তা হবে। এ জন্য মানুষের অংশগ্রহণের পাশাপাশি প্রযুক্তির উন্নয়ন দরকার।