দেশের ৬১ শতাংশ মানুষ উন্নত স্যানিটেশন ব্যবস্থার আওতায় এসেছে। এটি উন্নত স্যানিটেশন ব্যবহারের জাতীয় গড়। এর মধ্যে শহরাঞ্চলে উন্নত স্যানিটেশন ব্যবস্থার আওতাভুক্ত মানুষ ৫৮ শতাংশ। এ ক্ষেত্রে গ্রাম এগিয়ে।
সুপেয় পানি পাওয়ার দিক থেকেও গ্রাম এগিয়েছে। বর্তমানে গ্রামীণ জনগোষ্ঠীর ৮৯ শতাংশ এবং শহরাঞ্চলের ৯০ শতাংশ মানুষ সরকারি ব্যবস্থাপনায় সুপেয় পানি পাচ্ছে। বিভিন্ন বেসরকারি সংস্থা (এনজিও) ও ব্যক্তিগত উদ্যোগে যারা সুপেয় পানি পাচ্ছে, তারা এই হিসাবের বাইরে।
এসব তথ্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের। জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে গতকাল বুধবার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (ডিপিএইচই) সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে স্যানিটেশন মাস। এ বছর স্যানিটেশন মাসের প্রতিপাদ্য ‘সকলের জন্য স্যানিটেশন, নিশ্চিত হোক উন্নত জীবন’।
ডিপিএইচইর নির্বাহী প্রকৌশলী শর্মিষ্ঠা দেবনাথের সূচনা বক্তব্যের পর ব্রিফিংয়ে লিখিত বক্তব্য উপস্থাপন করেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মো. আকরাম আল হোসেন। এতে বলা হয়, সুপেয় পানি পাওয়ার ক্ষেত্রে দেশে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জিত হয়েছে। স্যানিটেশনের ক্ষেত্রে কিছুটা পিছিয়ে থাকলেও অগ্রগতি অব্যাহত আছে। ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপ (জেএমপি) প্রতিবেদন অনুযায়ী, ২০০৩ সালে দেশের ৪২ শতাংশ মানুষ উন্মুক্ত স্থানে মল ত্যাগ করত। বর্তমানে (২০১৫ সালের জরিপ অনুযায়ী) তা ১ শতাংশে নেমে এসেছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে আকরাম আল হোসেন বলেন, স্যানিটেশনের এই উন্নতি শহরের তুলনায় গ্রামে বেশি হয়েছে। বস্তি এবং বিপুলসংখ্যক ভাসমান জনগোষ্ঠীর কারণে শহরাঞ্চলে উন্নতির হার বাধাগ্রস্ত হয়েছে। জেএমপি প্রতিবেদনের তথ্য উল্লেখ করে তিনি বলেন, ১৯৯০ সালে শহরাঞ্চলের ৪৭ শতাংশ মানুষ উন্নত স্যানিটেশন সুবিধার আওতায় ছিল। ২০১৫ সালে, দীর্ঘ ২৫ বছরে এই হার মাত্র ১১ শতাংশ বেড়ে হয়েছে ৫৮ শতাংশ, যা জাতীয় গড়ের চেয়ে কম।
এক প্রশ্নের জবাবে জানানো হয়, জেএমপি প্রতিবেদনে ঢাকার স্যানিটেশন পরিস্থিতি সম্পর্কে আলাদাভাবে কিছু বলা হয়নি। ঢাকার স্যানিটেশন পরিস্থিতির কিছু খণ্ডচিত্র সাংবাদিকদের বয়ানে উল্লেখিত হয়। ব্রিফিংয়ে এ প্রসঙ্গে মন্ত্রণালয়ের স্যানিটেশন-সংক্রান্ত পলিসি সাপোর্ট ইউনিটের প্রধান, অতিরিক্ত সচিব কাজী আবদুন নূর বলেন, ঢাকায় প্রয়োজনীয় সংখ্যক গণশৌচাগার করার জন্য টাকা তাঁদের কাছে থাকলেও জায়গার অভাবে তা করা যাচ্ছে না। এখন তাঁরা ঢাকায় মোবাইল টয়লেট চালু করার কথা ভাবছেন।
সংবাদ ব্রিফিংয়ে স্যানিটেশন মাসের কর্মসূচি ঘোষণা করা হয়। মাসের প্রথম দিনে, আজ সংবাদপত্রগুলোতে ক্রোড়পত্র প্রকাশিত হবে। সকাল ১০টায় কেন্দ্রীয়ভাবে ওসমানী স্মৃতি মিলনায়তনে এবং দেশের অন্যত্র হবে উদ্বোধনী অনুষ্ঠান। ১৫ অক্টোবর শোভাযাত্রা ও হাতধোয়া কর্মসূচি হবে। নভেম্বর-ডিসেম্বরে স্যানিটেশন ক্যালেন্ডার মুদ্রণ ও বিতরণ করা হবে।
এ ছাড়া, ঢাকাসহ সব বিভাগ ও জেলা-উপজেলা শহর এবং ইউনিয়ন পর্যায়ে মাসের বিভিন্ন সময়ে অনুষ্ঠিত হবে শোভাযাত্রা, ভ্রাম্যমাণ চলচ্চিত্র প্রদর্শনী, ছবি আঁকা, রচনা প্রতিযোগিতা, হতদরিদ্রদের বাড়িতে স্যানিটারি ল্যাট্রিন স্থাপন প্রভৃতি কার্যক্রম।
ব্রিফিংয়ে ডিপিএইচইর ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী দেলোয়ার হোসেন, মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মাহবুব হোসেন, উপসচিব মো. খায়রুল ইসলাম এবং ইউনিসেফের প্রতিনিধি জাকারিয়া আকবর আলী উপস্থিত ছিলেন।