স্যানিটেশন ব্যবস্থার সার্বিক উন্নয়ন ও খোলা জায়গায় মল ত্যাগ কমিয়ে আনার ক্ষেত্রে বাংলাদেশ যে তাৎপর্যপূর্ণ সাফল্য অর্জন করেছে, এখন তা ধরে রাখার চ্যালেঞ্জ নিতে হবে। অর্জিত সাফল্য রক্ষা করেই নতুন লক্ষ্যে যাত্রা করতে হবে। গতকাল শনিবার ‘জার্নি টু জিরো’ শীর্ষক এক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেছেন।
বক্তারা বলেন, বাংলাদেশের নতুন লক্ষ্য হচ্ছে সবার জন্য বিশুদ্ধ পানি ও নিরাপদ স্যানিটেশন নিশ্চিত করা। জাতিসংঘের সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল বা এসডিজি-৬-এ এই লক্ষ্যের কথা বলা হয়েছে। মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের (এমডিজি) মতো এই লক্ষ্য অর্জনেও সরকার এবং আন্তর্জাতিক ও বেসরকারি সংস্থার যৌথ প্রচেষ্টায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে (ডিপিএইচই) স্থাপিত সরকারের স্যানিটেশন সচিবালয়ের উদ্যোগে আয়োজিত দুই দিনের এই সেমিনার গতকাল সকালে ঢাকার একটি হোটেলে শুরু হয়েছে। ইউনিসেফ, ওয়াটারএইড, এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ, প্ল্যান ইন্টারন্যাশনালসহ ১২টি সংস্থা সেমিনারটি আয়োজনে সহযোগিতা করছে।
ডিপিএইচইর ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এলজিআরডি মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক। তিনি বলেন, সরকার এই খাতে কর্মরত জাতীয় ও আন্তর্জাতিক সংস্থাসমূহকে সঙ্গে নিয়ে অর্জিত সাফল্য যেমন ধরে রাখবে, তেমনি নতুন লক্ষ্য অর্জনেও কাজ করে যাবে।
বিশেষ অতিথি, বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি এডোয়ার্ড বেগবেডার বলেন, বাংলাদেশ পৃথিবীর অনেকের জন্য শিক্ষণীয় কিছু করে দেখিয়েছে। এখন দরকার হচ্ছে উন্নত স্যানিটেশনের লক্ষ্য অর্জন ও তা টেকসই করা।
উদ্বোধন অনুষ্ঠানে সমীক্ষাভিত্তিক মূল নিবন্ধ যৌথভাবে উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের গবেষক সুজান হানচেট ও বাংলাদেশের শফিউল আজম আহমেদ। এতে বলা হয়, খোলা জায়গায় মল ত্যাগ কমিয়ে আনার ক্ষেত্রে বাংলাদেশ যে সাফল্য অর্জন করেছে, তাকে ধরতে হবে একটি বৃহত্তর লক্ষ্যাভিমুখে যাত্রার সূচনা হিসেবে। কারণ, সাম্প্রতিক জাতীয় জরিপের ফলাফলে দেখা গেছে, এ দেশে এখন পর্যন্ত উন্নত ও পরিচ্ছন্ন ল্যাট্রিন ব্যবহারকারী মাত্র ৩৪ শতাংশ। ল্যাট্রিনে সাবান ও প্রয়োজনীয় পানি থাকে মাত্র ৪০ শতাংশ বাড়িতে। শহরাঞ্চলের পয়োবর্জ্য শোধনাগারগুলো প্রায় সবই অকার্যকর। গ্রামাঞ্চলে বর্জ্যে ভরে যাওয়া ল্যাট্রিন পরিষ্কার করা একটা বিরাট সমস্যা। এগুলো মোকাবিলা করে এগোতে হবে।
স্যানিটেশন সচিবালয়ের সদস্যসচিব ও ডিপিএইচইর অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. ওয়ালিউল্লাহ স্বাগত বক্তব্য দেন। দুদিনের সেমিনারে আটটি কারিগরি অধিবেশন হবে। জাতীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞরা ২২টি নিবন্ধ উপস্থাপন করবেন। দেশের কয়েকটি সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচিত প্রতিনিধি, কর্মকর্তা এবং স্যানিটেশন খাতে কর্মরত বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিরা সেমিনারে অংশ নিচ্ছেন। আজ সেমিনারের শেষ দিন।