স্যানেটারি পরিদর্শককে হুমকি পরিচ্ছন্নতাকর্মীদের কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর যুবদলের এক নেতার বিরুদ্ধে করপোরেশনের স্যানেটারি পরিদর্শককে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে গতকাল মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা।ওই কাউন্সিলর হলেন মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। নারায়ণগঞ্জ নগর যুবদলের আহ্বায়ক তিনি। হুমকির অভিযোগে তাঁর বিরুদ্ধে সোমবার রাতে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন স্যানেটারি পরিদর্শক আলমগীর হিরণ।সম্প্রতি টানা বৃষ্টিতে নারায়ণগঞ্জের অন্যান্য ওয়ার্ডের মতো ১৩ নম্বর ওয়ার্ডেও জলাবদ্ধতা দেখা দেয়। জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা চেয়ে সোমবার বিকেলে আলমগীরকে ফোন দেন ওই ওয়ার্ডের কাউন্সিলর মাকসুদুল। আলমগীর অভিযোগ করে বলেন, ‘কাউন্সিলর ফোন করেই অকথ্য ভাষায় গালাগালসহ আমাকে মেরে ফেলার হুমকি দেন। এ কারণে জিডি করেছি।’এদিকে সিটি করপোরেশনে পরিচ্ছন্নতাকর্মীদের সংগঠনের সভাপতি অমিত লাল ও সাধারণ সম্পাদক দর্পণ চন্দ্র দাস জানান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন গঠিত হলেও বিলুপ্ত পৌরসভার জনবল ও সরঞ্জাম ব্যবহার করেই পরিচ্ছন্নতার কার্যক্রম চালাতে হচ্ছে। এতে পরিচ্ছন্নতা কর্মীদের অনেক পরিশ্রম করতে হয়। এ অবস্থায় কর্মীদের কার্যক্রম তদারক কর্মকর্তাকে হুমকি দেওয়া কোনোভাবেই কাম্য নয়। তাই স্যানেটারি পরির্দশককে হুমকির ঘটনার সুষ্ঠু বিচার এবং জনবল ও সরঞ্জামাদি বৃদ্ধি না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করার ঘোষণা দেন তাঁরা।কাউন্সিলর মাকসুদুল বলেন, ‘আমি হিরণকে ফোন দিয়ে জলাবদ্ধতা নিরসন না হওয়ার জবাই চাই। কিন্তু তিনি আমাকে না চেনার ভান করেন। এ কারণে তাঁকে বকাঝকা করেছি মাত্র। প্রাণনাশের হুমকি দেওয়ার প্রশ্নই ওঠে না।’