স্যান্তোসের যাওয়ার প্রক্রিয়া শুরু
বাংলাদেশ থেকে কার্যক্রম গুটিয়ে চলে যাওয়ার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে অস্ট্রেলীয় তেল-গ্যাস কোম্পানি স্যান্তোস। গতকাল সোমবার সরকার তথা পেট্রোবাংলা ও জ্বালানি মন্ত্রণালয়ে চিঠি দিয়ে তারা বিষয়টি জানিয়ে দিয়েছে। চিঠি পাওয়ার কথা সরকারি সূত্র নিশ্চিত করেছে।জানতে চাইলে স্যান্তোস সাঙ্গু ফিল্ড লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট সিরাজ উদেদৗলা প্রথম আলোকে বলেন, চিঠিতে তাঁরা সরকারকে ৯০ দিনের মধ্যে সাঙ্গু গ্যাসক্ষেত্রের প্ল্যাটফর্ম, পাইপলাইন, গ্যাস প্রক্রিয়াকরণ কারখানাসহ (প্রোসেস প্লান্ট) যাবতীয় স্থাপনার দায়িত্ব নেওয়ার জন্য বলেছেন।সিরাজ উদেদৗলা বলেন, পেট্রোবাংলা যদি সে দায়িত্ব না নিয়ে ওই স্থাপনাগুলো অপসারণ করে জায়গাগুলো আগের মতো করে দিতে বলে, তা হলে স্যান্তোস চুক্তি অনুযায়ী তাই করবে। এরপর পুরো ক্ষেত্রটি তারা ক্রমান্বয়ে হস্তান্তর করবে।ব্রিটিশ কোম্পানি কেয়ার্ন এনার্জির কাছ থেকে স্বত্ব কিনে স্যান্তোস সাঙ্গু গ্যাসক্ষেত্রে কাজ শুরু করেছে দুই বছরও হয়নি। এরই মধ্যে দেশের সমুদ্রবক্ষের একমাত্র উৎপাদনশীল ১৬ নম্বর ব্লকের ওই গ্যাসক্ষেত্রটিতে নতুন বাণিজ্যিক বিনিয়োগের সম্ভাবনা না দেখে এ সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।