স্যামসন এইচ চৌধুরীর চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ
দেশবরেণ্য শিল্পপতি ও স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা স্যামসন এইচ চৌধুরীর চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ ৫ জানুয়ারি। এ উপলক্ষে তাঁর পরিবার ও পাবনার বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির আয়োজন করেছে।
সকালে স্যামসন এইচ চৌধুরীর সহধর্মিণী অনিতা চৌধুরী পাবনার বৈকুণ্ঠপুরের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করবেন। বেলা ১১টার দিকে সমাধিস্থলের পাশেই অনুষ্ঠিত হবে বিশেষ প্রার্থনা ও স্মরণসভা। বিকেলে শহরের অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরি মিলনায়তনে ও রাতে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হবে আলোচনা ও স্মরণসভা।
স্যামসন এইচ চৌধুরী ১৯২৫ সালের ২৫ সেপ্টেম্বর গোপালগঞ্জের আরওয়াকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৩২ সালে তিনি বাবার সঙ্গে পাবনার আতাইকুলাতে আসেন। ১৯৫৮ সালে মাত্র ২০ হাজার টাকা পুঁজি নিয়ে স্কয়ার ফার্মা প্রতিষ্ঠার মধ্য দিয়ে তাঁর ব্যবসায়ী জীবন শুরু। এরপর তৈরি করেন স্কয়ার গ্রুপ। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি স্কয়ার গ্রুপের চেয়ারম্যান ছিলেন।