স্যামসন এইচ চৌধুরী ছিলেন বটবৃক্ষের মতো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্যামসন এইচ চৌধুরী চলে যাওয়ায় যে শূন্যতা তৈরি হলো তা পূরণ করা কষ্টসাধ্য। তাঁর মৃত্যুতে একজন বটবৃক্ষ হারিয়ে গেছে। এ ক্ষতি অপূরণীয়। বিশিষ্ট শিল্পপতি ও স্কয়ার গ্রুপের চেয়ারম্যান প্রয়াত স্যামসন এইচ চৌধুরীর স্মরণে বিশেষ প্রার্থনা ও স্মরণসভায় বক্তারা এ কথা বলেন। গত রোববার পাবনা সদর উপজেলার বৈকুণ্ঠপুর গ্রামে তাঁর সমাধিস্থলে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। সভায় স্যামসন এইচ চৌধুরীর বন্ধু ও কলাম লেখক ডেনিস দিলীপ দত্ত বলেন, ‘স্যামসন এইচ চৌধুরী চলে যাওয়ায় যে শূন্যতা তৈরি হলো, তা পূরণ করা কষ্টসাধ্য।’ ন্যাশনাল খ্রিষ্টান ফেলোশিপ অব বাংলাদেশের সাধারণ সম্পাদক রেভারেন্ড লিয়র পি সরকার বলেন, ‘স্যামসন এইচ চৌধুরীর মৃত্যুতে আমরা একজন বটবৃক্ষকে হারিয়েছি, যার ছায়াতলে আমরা ছিলাম। এ ক্ষতি অপূরণীয়।’ স্যামসন এইচ চৌধুরীর স্ত্রী অনিতা চৌধুরী দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করে বলেন, ‘তাঁর আদর্শ আমাকে শান্তি দেয়। তাই যত দিন বেঁচে থাকব, সেই আদর্শ বুকে ধারণ করে বাঁচতে চাই।’ দুপুর সাড়ে ১২টার দিকে পবিত্র বাইবেল পাঠের মধ্য দিয়ে স্মরণসভা শুরু হয়। এরপর পরিবারের সদস্যরা ধর্মীয় গান পরিবেশন করেন। সব শেষে স্যামসন এইচ চৌধুরীর আত্মার শান্তি কামনায় প্রার্থনা ও স্মৃতিচারণা করা হয়। প্রার্থনা পরিচালনা করেন পাবনা ব্যাপ্টিস্ট চার্চ পালক পরিচর্যা কমিটির আহ্বায়ক স্যামুয়েল বিশ্বাস। এ সময় স্যামসন এইচ চৌধুরীর তিন ছেলে স্বপন চৌধুরী, তপন চৌধুরী ও অঞ্জন চৌধুরী, মেয়ে রত্না চৌধুরীসহ পরিবারের অন্যান্য সদস্য ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। অন্দদা গোবিন্দ পাবলিক লাইব্রেরিতে স্মরণসভা: একই দিন সন্ধ্যায় শহরের অন্দদা গোবিন্দ পাবলিক লাইব্রেরির উদ্যোগে আরও একটি স্মরণসভা অনুষ্ঠিত হয়। লাইব্রেরি মিলনায়তনে এ সভায় সভাপতিত্ব করেন লাইব্রেরির জ্যেষ্ঠ সহসভাপতি রবিউল ইসলাম। সভায় স্যামসন এইচ চৌধুরীর জীবন ও আদর্শ নিয়ে বক্তব্য দেন কলাম লেখক ডেনিস দিলীপ দত্ত, পাবনা জেলা প্রশাসক এম সাইদুল হক, পাবনা ডায়াবেটিক সমিতির সভাপতি বেবী ইসলাম, পেট্রোবাংলার পরিচালক খ ম হাসান কবির, পাবনা পৌরসভার সাবেক চেয়ারম্যান মহীত উদ্দিন, লাইব্রেরির সাধারণ সম্পাদক আবদুল মতিন খান ও পাবনা প্রেসক্লাবের সভাপতি শিবজিদ নাগ। বনমালী ইনস্টিটিউটে স্মরণসভা: বনমালী ইনস্টিটিউটের উদ্যোগে গতকাল সোমবার বিকেলে আরেকটি স্মরণসভার আয়োজন করা হয়। স্যামসন এইচ চৌধুরী ছিলেন এই ইনস্টিটিউটের আজীবন সদস্য।