স্যামসন চৌধুরীর নামে পাবনায় সড়ক
নানা ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রয়াত চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরীর নামে পাবনার পৌর এলাকার একটি সড়কের নামকরণ করা হয়েছে। এ ছাড়া দুস্থ ও অসহায় মানুষের মধ্যে খাদ্য বিতরণ করা হয়েছে। তাঁর জন্মদিন উপলক্ষে আজ শনিবার (২৫ সেপ্টেম্বর) পাবনার সুজানগর পৌরসভা ও উপজেলা পরিষদের উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।
সড়কের নামফলক উন্মোচন করেন স্কয়ার গ্রুপের পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু। এ ছাড়া তিনি মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য শহীদ ইব্রাহিম মোস্তফা কামাল দুলালের নামে পৌর এলাকায় আরেকটি সড়কের নামফলক উন্মোচন করেন।
পরে সুজানগর উপজেলা মিলনায়তনে এক মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি মুক্তিযুদ্ধকে বাঙালি জাতির দেশপ্রেমের অনন্য দৃষ্টান্ত আখ্যা দিয়ে বলেন, বর্তমান সরকার বীর মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান ও তাঁদের অবদানের যথাযথ স্বীকৃতি দিয়েছে। উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাবিবুর রহমান, সুজানগরের পৌর মেয়র রেজাউল করিমসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা। বিজ্ঞপ্তি