স্যামসাংয়ের তারবিহীন প্রিন্টার একের ভেতর অনেক সুবিধা
বিশ্বখ্যাত প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং বাজারে এনেছে নতুন মডেলের (এমএল ২১৬৫ ডব্লিউ) প্রিন্টার। সাদা-কালো এই প্রিন্টারটিতে রয়েছে ওয়াই-ফাই সুবিধা। এটির মাধ্যমে মুঠোফোন কিংবা ট্যাব থেকে সরাসরি প্রিন্ট করা যায়। অ্যান্ড্রয়েড অথবা উইন্ডোজ অপারেটিং সিস্টেম ছাড়াও আইফোন থেকেও সরাসরি প্রিন্ট করার সুবিধা রয়েছে এতে।
স্যামসাংয়ের এই প্রিন্টার দিয়ে প্রিন্ট করাও সহজ। প্রিন্টের গতিও দ্রুত। প্রতি মিনিটে ২১ পৃষ্ঠা প্রিন্ট করা যায়। লেজার প্রিন্টার বলে এতে কালি খরচ হয় কম। ছাপার মানও ভালো বলে বিক্রেতারা জানান।
প্রিন্টারটির দাম পড়বে নয় হাজার টাকা। আর এর টোনারের দাম তিন হাজার ৮০০ টাকা। এই প্রিন্টারের মাধ্যমে তারের সংযোগ ছাড়া প্রিন্ট করার জন্য সেলফোন বা ট্যাব থেকে ‘সামস্যাং মোবাইল প্রিন্টার’ অ্যাপসটি ডাউনলোড করে নিতে হবে। অনলাইনে গুগল স্টোর অথবা আই টিউনস ভিজিট করে অ্যাপসটি পাওয়া যাবে।
এদিকে এইচপির থার্ড জেনারেশন প্রসেসর-সংবলিত ল্যাপটপ এসেছে প্রযুক্তি বাজারে। অফিস কিংবা বাসায় যারা ল্যাপটপে একটু বেশি সময় ধরে কাজ করেন তাঁদের জন্য দীর্ঘসময় ব্যাকআপের সুবিধা থাকছে ২৪২ মডেলের এই ল্যাপটপে।
এতে আরও রয়েছে সাড়ে পাঁচ ঘণ্টা পাওয়ার ব্যাকআপ ও ফিঙ্গারপ্রিন্ট সিকিউরিটি। রয়েছে ডিভিডি রাইটার, ইন্টেল ৪০০০ মডেলের গ্রাফিকস কার্ড, পানিরোধক কি-প্যাড, ব্লুটুথ ও ওয়াই-ফাই সুবিধা।
একটি ক্যারি কেস, এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ ল্যাপটপটির দাম পড়বে ৩৯ হাজার ৫০০ টাকা। l নিজস্ব প্রতিবেদক