স্যামসাংয়ের পণ্য উৎপাদন হবে বাংলাদেশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকস বাংলাদেশে নতুন কনজ্যুমার ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে শিল্পমন্ত্রী আমির হোসেনসহ অতিথিরা l ছবি: প্রথম আলো
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকস বাংলাদেশে নতুন কনজ্যুমার ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে শিল্পমন্ত্রী আমির হোসেনসহ অতিথিরা l ছবি: প্রথম আলো

১০ কোটি ডলার বিনিয়োগ করবে ফেয়ার ইলেকট্রনিকস, নরসিংদীতে কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন

ফেয়ার ইলেকট্রনিকস বাংলাদেশে নতুন কনজ্যুমার ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট স্থাপনের ঘোষণা দিয়েছে। এই প্ল্যান্টে রেফ্রিজারেটর, এসি, মাইক্রোওয়েভ ওভেন ও ওয়াশিং মেশিন প্রস্তুত করা হবে। প্ল্যান্টটিতে স্যামসাং ইলেকট্রনিকসের পণ্য তৈরি করা হবে। প্ল্যান্টটি স্থাপন হচ্ছে নরসিংদীর শিবপুরে।

২০১৮ সালের মে মাসে কারখানাটি উৎপাদন শুরু করবে। উৎপাদন শুরু করলে দেশের মানুষ সাশ্রয়ী দামে পণ্যগুলো কিনতে পারবে। এখানে তিন হাজারেরও বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। ফেয়ার ইলেকট্রনিকস বাংলাদেশে স্যামসাং ইলেকট্রনিকস ব্যবসার জন্য ১০ কোটি ডলার বা প্রায় ৮০০ কোটি টাকা বিনিয়োগ করবে।

গত বৃহস্পতিবার বিকেলে জেলার শিবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের পাশে কারারচরে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু আনুষ্ঠানিকভাবে প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

অনুষ্ঠানে শিল্পমন্ত্রী বলেন, আধুনিক তথ্যপ্রযুক্তি তথা ইলেকট্রনিকসের ক্ষেত্রে স্যামসাং একটি বিশ্বনন্দিত নাম। এ ধরনের একটি বিখ্যাত ব্র্যান্ডের বাংলাদেশে বিনিয়োগের উদ্যোগ খুবই ইতিবাচক। তিনি ভবিষ্যতে বাংলাদেশে মুঠোফোন, ল্যাপটপ, ট্যাবসহ তথ্যপ্রযুক্তির অন্যান্য উপকরণ উৎপাদন করতে বিনিয়োগে এগিয়ে আসার আহ্বান জানান।

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ চলতি বাজেটে তথ্যপ্রযুক্তি খাতে উন্নয়নের লক্ষ্যে ২০ শতাংশ নগদ ভর্তুকি দেওয়ার অনুরোধ জানান। একই সঙ্গে উদ্যোক্তাদের দাবির পরিপ্রেক্ষিতে কারখানাটিকে হাইটেক পার্ক ঘোষণার উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন।

ফেয়ার গ্রুপের চেয়ারম্যান রুহুল আলম আল মাহবুব বলেন, ‘ফেয়ার ইলেকট্রনিকস এই প্ল্যান্টে স্যামসাং ইলেকট্রনিকসের জন্য পণ্য তৈরি করবে। এটি হবে দেশের সবচেয়ে বড় প্রযুক্তিভিত্তিক শিল্প। স্যামসাংয়ের প্রযুক্তি ও কারিগরি জ্ঞানের মাধ্যমে আমরা গ্রাহকদের সাশ্রয়ী মূল্যে আন্তর্জাতিক মানের পণ্য তুলে দেওয়ার নিশ্চয়তা দিচ্ছি।’

স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক স্যাংওয়ান ইউন বলেন, স্যামসাংয়ের বিশ্বমানের পণ্য গ্রাহকের হাতে তুলে দেওয়ার প্রতিশ্রুতির অংশ হিসেবে ফেয়ার ইলেকট্রনিকসের সঙ্গে বাংলাদেশে উৎপাদন কারখানা স্থাপন করা হচ্ছে।

মূল আয়োজন শুরু হওয়ার আগে অতিথিরা কারখানাটি ঘুরে দেখেন। বর্তমানে কারখানাটিতে রেফ্রিজারেটরের সংযোজনপ্রক্রিয়া চলছে। প্ল্যান্টটির আয়তন সাড়ে ৭ লাখ স্কয়ার ফুট। বছরে ৫ লাখ ইউনিট রেফ্রিজারেটর, আড়াই লাখ ইউনিট মাইক্রোওভেন, ১ লাখ ২০ হাজার ইউনিট এসি ও ৫০ হাজার ইউনিট ওয়াশিং মেশিন উৎপাদন করা হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী লে. কর্নেল (অব.) নজরুল ইসলাম, বাংলাদেশে নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূত অন স্যাং-ডু, থাইল্যান্ডের রাষ্ট্রদূত পান পিমন সুয়ান্নাংসে, মালয়েশিয়ার রাষ্ট্রদূত এমএস নুও আশিকিন বিনতি মো. তাইব, স্যামসাং ইলেকট্রনিকসের প্রধান কার্যালয়ের স্ট্র্যাটেজি বিজনেস গ্রুপ লিডার তু ইউন, নরসিংদী-৩ আসনের সাংসদ সিরাজুল ইসলাম মোল্লা, নরসিংদী-৪ আসনের সাংসদ নুরুল মজিদ মাহমুদ এবং ফেয়ার গ্রুপের সিইও চু সু মুন।