স্যার আবেদের অপূর্ণ ইচ্ছা

জন্মদিনটা কি ব্র্যাকের, না ফজলে হাসান আবেদের? মহাখালীর ব্র্যাক সেন্টারের প্রধান ফটকের সামনে গেলে এই প্রশ্ন মনে দেখা দিতেই পারে। কেননা, প্রধান ফটকের দুই পাশে যে দুটি তাঁবু খাটানো হয়েছে, তার ভেতরে ১৯৭০ থেকে ২০১৬ পর্যন্ত ব্র্যাকের অতীত ও বর্তমানের পথে যাত্রার পথপরিক্রমাই তুলে ধরা হয়েছে। সেই যাত্রায় যতটা না এই ৮০ বছর বয়সী এই উন্নয়নের পথিকৃতের ব্যক্তিগত বয়ান আছে, তার চেয়ে বেশি ব্র্যাকের উন্নয়নের নানা মডেল তুলে ধরা হয়েছে। ৮০ বছর পূর্তির দিনটিও তাই স্যার আবেদ ব্র্যাকের নানা প্রশাসনিক কাজে ব্যস্ত থেকে পার করলেন।
জন্মদিনের সকালটা কীভাবে কাটালেন স্যার আবেদ, তা জানতে বেলা সাড়ে ১১টায় ব্র্যাক সেন্টারের ১৯ তলায় চেয়ারম্যানের কক্ষের সামনে পৌঁছালে জানা গেল, তিনি ভেতরে মিটিং করছেন। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ জ্যেষ্ঠ শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তারা এসেছেন তাঁর সঙ্গে পূর্বনির্ধারিত সভায়। তার আগে সকাল নয়টায় প্রধান কার্যালয়ে পৌঁছে স্যার আবেদ দাপ্তরিক কাজগুলো সেরে সকাল সাড়ে ১০টায় যান নিচতলায় ব্র্যাকের উন্নয়নের অভিযাত্রা নিয়ে তৈরি করা প্রদর্শনী দেখতে। ব্র্যাকের নির্বাহী পরিচালক মো. মুসাসহ শীর্ষস্থানীয় কর্মকর্তারা সে সময় উপস্থিত ছিলেন।
ব্র্যাকের জনসংযোগ বিভাগের কাছ থেকে জানা গেল, ফজলে হাসান আবেদ বাংলাদেশের নারীর ওপর সহিংসতা বন্ধে ব্র্যাকের কার্যক্রম আরও বাড়াতে চান। কীভাবে সেই কাজ শুরু করা যায়, সে ব্যাপারে মতামত নিতেই মাঠপর্যায়ের কর্মকর্তাদের ডেকেছেন তিনি।
সহকর্মী ও শুভানুধ্যায়ীদের সঙ্গে সভা ও শুভেচ্ছা বিনিময়ের পর এক ফাঁকে কথা হয় পৃথিবীর সবচেয়ে বড় উন্নয়ন সংস্থার এই কান্ডারির সঙ্গে। জানতে চাই, ৮০ বছর পেরিয়ে আসা এই জীবনে কোনো অপূর্ণতা আছে কি না। উত্তরে ফজলে হাসান আবেদ কিছুটা হতাশার সুরেই বললেন, ‘নারীর প্রতি সহিংসতা বন্ধে আরও অনেক কিছু করার আছে। এখনো আমাদের সমাজে নারীর ওপরে নানা ধরনের সহিংসতা রয়ে গেছে। ব্র্যাকের আগামী দিনের কাজে সবচেয়ে গুরুত্ব দিতে চাই নারীর ওপরে সহিংসতা বন্ধ করার কাজে।’
শুধু রাষ্ট্রীয় পর্যায়ে বা সমাজে নয়, ব্যক্তিগত জীবনে নারীদের সম্মান করা এবং তাদের কাজের যথার্থ স্বীকৃতি দেওয়াটাও গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যে কাজ করলে দেশ ও সমাজ এগিয়ে যাবে। নিজের আগামী দিনের পরিকল্পনাকে এভাবেই রাষ্ট্র ও সমাজের জন্য নিবেদন করার কথা জানালেন স্যার আবেদ।
৮০ তম জন্মদিন উপলক্ষে তাঁকে নিয়ে বিশিষ্টজনদের লেখা প্রবন্ধ নিয়ে সংবর্ধনা গ্রন্থ ‘স্যার ফজলে হাসান আবেদ সংবর্ধনা গ্রন্থ’ প্রকাশিত হয়। এর সম্পাদক প্রাক্তন কূটনীতিক ও পররাষ্ট্রসচিব ফারুক চৌধুরী সংবর্ধনা গ্রন্থটি স্যার আবেদের হাতে তুলে দেন। তারপর সহকর্মীদের নিয়ে কেক কেটে বিতরণের পর বিকেলেই এই অনুষ্ঠান শেষ হয়।