‘হেড স্যার কাজে শিক্ষা অফিসে গেছেন, আরেক স্যার আছেন ছুটিতে। তাই ক্লাস চলছে না। এ সুযোগে আমরা খেলছি। স্যার এলে ক্লাস শুরু হবে।’ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার নিয়ামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী মুন্নি আকতার এভাবেই কথাগুলো বলছিল। গত সোমবার দুপুরে বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, বিদ্যালয়ের শিক্ষার্থীরা মাঠে খেলাধুলায় ব্যস্ত। আবার কেউ কেউ খেলায় সুযোগ না পেয়ে এদিক-সেদিক ছোটাছুটি ও হইচই করছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপজেলা শিক্ষা অফিসে কাজে গেছেন। আর বিদ্যালয়ে প্রেষণে আনা এক শিক্ষক ছুটিতে আছেন।বিদ্যালয় সূত্র জানায়, নিয়ামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে ১৭৯ জন শিক্ষার্থী আছে। বিদ্যালয়ে শিক্ষকের পদ রয়েছে তিনটি। তিনজনের মধ্যে একজন অবসরে গেছেন ও একজন অন্য জায়গায় বদলি হয়ে গেছেন। প্রধান শিক্ষক মাঝেমধ্যে প্রশিক্ষণ ও প্রশাসনিক কাজে ব্যস্ত থাকেন। এর বাইরে পাশের সিদোর কলন্দা প্রাথমিক বিদ্যালয় থেকে এনামুল হক নামের এক শিক্ষককে এখানে প্রেষণে আনা হয়। কিন্তু প্রধান শিক্ষক সরকারি কাজে বিদ্যালয়ের বাইরে গেলে তখন একজন শিক্ষককেই পাঠদান করাতে হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারায়েজ হুসেন বলেন, ‘গত বছর সমাপনী পরীক্ষায় ৪৭ জন শিক্ষার্থীর মধ্যে ৪১ জন পাস করেছে। কিন্তু এ বছরের পরীক্ষা নিয়ে আমরা বেশ চিন্তিত। বিদ্যালয়ে আরও একজন শিক্ষক দেওয়া না হলে এ বছর ফলাফল বিপর্যয়ের আশঙ্কা করছি।’বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ইসলামুল হক বলেন, প্রধান শিক্ষক যখন অফিসের কাজে বাইরে থাকেন, তখন একজন শিক্ষককেই পাঠদান করাতে হয়। আজ তিনিও ছুটিতে থাকায় বিদ্যালয়টি শিক্ষকশূন্য। বালিয়াডাঙ্গী উপজেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রত্যুষ চ্যাটার্জি বলেন, প্রধান শিক্ষককে সব সময় শিক্ষা কার্যালয়ের সঙ্গে যোগাযোগ রাখতে হয়। পাঠদানের কথা ভেবে ওই বিদ্যালয়ে একজন শিক্ষককে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।