স্যারের সঙ্গে শেষ দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
কাইয়ুম চৌধুরী
কাইয়ুম চৌধুরী
আজ ৩০ নভেম্বর। ২০১৪ সালের এই দিনে শিল্পী কাইয়ুম চৌধুরী মারা যান। সেদিন তিনি বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসবের মঞ্চে বক্তৃতা শেষ করে বসলেন। দ্বিতীয়বার উঠলেন কিছু বলার জন্য। বলা হলো না। হঠাৎ করে তিনি জ্ঞান হারিয়ে পড়ে গেলেন মঞ্চে। এরপর তাঁকে নিয়ে যাওয়া হলো সিএমএইচে। তাঁর জ্ঞান আর ফেরেনি। চলে গেলেন না-ফেরার দেশে...

২৯ নভেম্বর দুপুরে স্যার আসবেন ‘প্রথম আলো’ অফিসে, আগে থেকেই কথা হয়েছিল। আসবেন, কাজ দেখবেন। পুঙ্খানুপুঙ্খভাবে কাজটা শেষ করবেন। আমি অপেক্ষায় ছিলাম। স্যার সব সময়ই ‘প্রথম আলো’য় এলে পথে থাকতেই ফোন করতেন—‘অশোক, আমি আসছি—তুমি নিচে নামো।’

সেদিনও ব্যত্যয় ঘটেনি। আমি নিচে গিয়ে স্যারকে এবং তাঁর সার্বক্ষণিক সঙ্গী শ্যালক মামুন ভাইসহ ওপরে এলাম। স্যারকে বসালাম।
‘স্যার, কফি দিতে বলি?’
‘না থাক, আজ আর কফি খাব না। পেটটা ভালো যাচ্ছে না।’ বললেন তিনি।
কাজ শুরু করলাম। স্যারকে দেখেই আমাদের ক্যানটিনের মামুন কফি বানিয়ে নিয়ে এল। যদিও আমি বলিনি। স্যার একটু হাসলেন। বললেন, ‘এনেছ যখন—দাও, একটু খাই।’
দু-এক চুমুক দিয়ে কাজ করতে মনোযোগী হলেন। পেছনে দাঁড়ানো মাশুক হেলাল, মামুন ভাই সবাই মিলে স্যারের কাজ দেখছেন। কম্পিউটারে সবার দৃষ্টি। মাঝে জাহীদ রেজা নূর এল, কিছুটা আলাপ করল কণ্ঠশীলন নিয়ে। মাশুক হেলাল টপাটপ ছবি তুলছেন। ওর এটা একটা হবি—স্যারকে পেলেই ক্যামেরা বের করে ছবি তোলা।
আমাদের কাজের ফাঁকে ফাঁকে অনেকেই এসে স্যারের সঙ্গে কুশলবিনিময় করে যাচ্ছেন। কাজ চলছে। কথায় কথায় জানলাম, ৩০ নভেম্বর উচ্চাঙ্গসংগীতের আসরে (পরদিন) স্যারের বক্তৃতা আছে। বললাম, ‘স্যার, আমিও যাব।’ স্যার নিজেই বললেন, ‘আমি তোমাকে নিয়ে যাব।’
কাজ শেষ করতে বেশ দেরিই হলো—এখান থেকে আবার উচ্চাঙ্গসংগীতের অনুষ্ঠানে যাবেন স্যার, ওটাও জানালেন।
স্যারের শরীরটা খারাপ ছিল, জানতাম। তাই বললাম, ‘স্যার, বেশি রাত করবেন না। অনেক ধকল যাচ্ছে আপনার শরীরের ওপর দিয়ে।’
‘কী করব বলো। কেউ তো ছাড়ে না। না গেলে মনোক্ষুণ্ন²হয়।’
কথায়, কাজে সময় এগিয়ে যাচ্ছে। বললেন, ‘আজ উঠতে হবে—প্রচ্ছদগুলো দিয়ে দিয়ো। আজিজুল হকের মৈমনসিংহ গীতিকা: জীবনধর্ম ও কাব্যমূল্যর প্রচ্ছদটাও দিয়ে দিয়ো। আর প্রথমার প্রচ্ছদগুলো এবার ঠিক আছে। কাল চারটার পর রেডি থেকো।’
উঠে দাঁড়ালেন। স্যারকে মাশুক বললেন, ‘আমার বইটার ভূমিকাটা...।’
‘কাল বাসায় ফোন করে চলে এসো।’ বললেন স্যার।
স্যারকে নিয়ে লিফটের দিকে গেলাম। মাশুক ও আমি স্যারকে নিচে গাড়িতে তুলে দিলাম।
ওই দিনের কাজগুলোই ছিল স্যারের সঙ্গে আমার শেষ কাজ—এটা কিছুতেই ভুলতে পারি না। এখনো কাজের ফাঁকে কম্পিউটারের ফোল্ডারগুলো খুলে দেখতে থাকি।
২৯ নভেম্বরের কাজের মধ্যে কণ্ঠশীলনের বেশ কটি কাজ তিনি শেষ করে গিয়েছিলেন। এবং কিছু আমাকে বুঝিয়ে দিয়েছিলেন। একটা কিছু দাঁড় করালে এসে দেখবেন। সেগুলো আর দেখানো গেল না। আজ আবার সেই দিনটি চলে এল—২৯ নভেম্বর, ২০১৫। এই একই সময়—আমি যখন লিখছি। ২০১৪ সালের ২৯ নভেম্বর স্যারের সঙ্গে কম্পিউটারে কাজ করছিলাম। এই তো সেদিন—আজ-ই ওই দিন।
কণ্ঠশীলনের নরেন বিশ্বাস পদকের পোস্টারটি শেষ করে মানপত্রটি হাতে সরাসরি ডিজাইন করার জন্য রেখেছিলেন। ওয়াহিদুল হকের প্রতি স্যারের ভালোবাসা এ দিন অনুভব করছিলাম প্রতি নিশ্বাসে। কণ্ঠশীলনের দায়িত্বভার কাঁধে নিয়েছিলেন ওয়াহিদুল হকের প্রতি আকণ্ঠ ভালোবাসা আর শ্রদ্ধায়। কথায় কথায় এও বলেছিলেন, ‘এত কাজের মধ্যেও এই প্রতিষ্ঠানটা আবার নতুন মাত্রায় নেওয়া আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। শত ব্যস্ততার মধ্যেও আমাকে এ কাজটুকু করতে হবে।’
৩০ নভেম্বর দুপুরের পরে বিকেল সাড়ে পাঁচটা (আনুমানিক), স্যারের সঙ্গে শেষ কথা হয়েছিল। আমিই ফোন করেছিলাম। বলেছিলাম, ‘স্যার, আপনি সরাসরি চলে যান—আমি ও জাহীদ ভাই একসঙ্গে আসব।’
বললেন, ‘আচ্ছা। ওখানেই দেখা হবে।’
হ্যাঁ দেখা হলো সিএমএইচে। নিথর দেহে উজ্জ্বল আলোর দুতিতে হাসিমাখা নিথর মুখখানি। আমাকে কিছুই বললেন না!
আমাকে প্রথম খবরটা দিলেন প্রথমার জাফর আহমেদ। বললেন, ‘আপনি কোথায়? কাইয়ুম ভাই নাকি উচ্চাঙ্গসংগীতের অনুষ্ঠানে অসুস্থ হয়ে পড়েছেন?’
আমি আঁতকে উঠলাম। বাসার সবাই নিস্তব্ধ হয়ে আমার দিকে তাকিয়ে। সঙ্গে সঙ্গে দ্বিতীয় ফোন নিউজ এডিটর সেলিম খানের। ফোন কেটে দিয়ে সঙ্গে সঙ্গে মামুন ভাইকে (স্যারের শ্যালক) ফোন দিলাম। আমি জানতাম, তিনিই সঠিক খবরটি দিতে পারবেন। মামুন ভাই ফোন ধরে ডুকরে কেঁদে উঠে বললেন, ‘দুলাভাইকে তো সিএমএইচে নিয়ে যাচ্ছে। আপনি আসেন।’
আমার গাড়ি চালানোর মতো অবস্থা ছিল না। অফিসে ফোন করলাম ফটোগ্রাফার জিয়া ইসলামকে। তাঁর সেদিন ডে-অফ ছিল। ব্যক্তিগত কাজে তিনি গাড়ি নিয়ে বেরিয়েছিলেন। উনি গাড়ি ঘুরিয়ে আমাকে নিয়ে সিএমএইচে চলে গেলেন।
কণ্ঠশীলনের আলতাফ ভাইয়ের গাড়িতে আমি ৩০ তারিখ সন্ধ্যায় সিএমএইচ থেকে ফিরছিলাম এক সঙ্গেই। স্যারের নিথর দেহ নিয়ে—অ্যাম্বুলেন্স আগে আগে, আমরা পেছনে পেছনে আসছিলাম। রাস্তায় গাড়ির হর্ন, অ্যাম্বুলেন্সের সাইরেন—কোনো শব্দই যেন আমার কানে পৌঁছোচ্ছিল না...